৯৫ কোটি টাকা লোকসানের বোঝা নিয়ে আজ আখ মাড়াই শুরু

প্রায় ৯৫ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে ফরিদপুর চিনিকলে ৩৭তম আখ মাড়াই মৌসুম শুরু হচ্ছে আজ। এদিকে গত বছরের উত্পাদিত চিনির মধ্যে ২ হাজার ৭৬৮ মেট্রিক টন চিনি মজুত রয়েছে। যার বাজার মূল্য ১৪ কোটি টাকা। চিনি অবিক্রিত রেখেই মিলটি চলতি বছর আখ মাড়াই শুরু করতে হচ্ছে। চিনিকলের মহা-ব্যবস্থাপক (প্রশাসন) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এ বছর ২০১২-২০১৩ মাড়াই মৌসুমে ৮ হাজার ৭শ’ ৮৮ একর জমিতে আখ রোপণ করা হয়। এ থেকে ১১৩ কার্যদিবসে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৯ হাজার মেট্রিক টন চিনি উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৭.৫২ শতাংশ । আজ শুক্রবার বিকাল ৩টায় মিলাদ মাহফিলের পর চিনিকলের ডোংগায় আখ নিক্ষেপণের মধ্যদিয়ে ২০১২-২০১৩ আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে। ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান উপস্থিত থেকে মাড়াই মৌসুমের উদ্বোধন করবেন। মিল সূত্রে জানা গেছে, ১৯৭৬ সালে মিলটির পরীক্ষামূলক উত্পাদন শুরু করে। মিলটির মাড়াই ক্ষমতা বছরে ১০ হাজার ৬১ মেট্রিক টন। কিন্তু শুধুমাত্র আখের অভাবে মিলটি নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ হয়ে যায়। ৩৬টি মাড়াই বছরের মধ্যে লাভের মুখ দেখে ৯ মৌসুমে। আর লোকসান হয় ২৭ মাড়াই মৌসুমে। এদিকে চাষীদের দাবির মুখে সরকার আখের কিছু মূল্য বাড়ালেও মিলের মাঠ পর্যায়ের কিছু কর্মকর্তা বা কর্মচারীদের মধ্যে কাজের গতি না বাড়িয়ে বরং নিজেদের ভাগ্যোন্নয়নে ব্যস্ত থাকার অভিযোগ উঠেছে।