সৈয়দপুরে অপচয় হচ্ছে দশ লাখ কিলোওয়াট বিদ্যুত্

সৈয়দপুর বিদ্যুত্ সরবরাহ কেন্দ্রের ৬০ ভাগ সঞ্চালন লাইন ও ট্রান্সফরমার ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ফলে নাজুক দশায় পৌঁছেছে বিদ্যুত্ বিতরণ ব্যবস্থা। এতে বিদ্যুত্ বিপর্যয়সহ সিস্টেম লস আশঙ্কাজনকহারে বাড়ছে। এর ফলে প্রাপ্ত বিদ্যুতের ৯ দশমিক ৬৮ ভাগ সিস্টেম লসে অপচয় হচ্ছে। প্রতিবছর এ অপচয়ের পরিমাণ প্রায় ১০ লাখ কিলোওয়াট। সূত্র জানায়, সৈয়দপুর শহরে ১২৬ বর্গকিলোমিটার সঞ্চালন লাইন রয়েছে। এ সঞ্চালন লাইনের মাধ্যমে সাড়ে ১৯ হাজার আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিদ্যুত্ সরবরাহ করা হয়। পাকিস্তান আমলে স্থাপিত সঞ্চালন লাইন দীর্ঘ ৪০ বছরেও পুনর্বাসন করা হয়নি। ফলে সঞ্চালন লাইনের প্রায় ৬০ ভাগই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়াও বিদ্যুত্ সরবরাহের ৮টি ফিডারে ১৬৩টি ট্রান্সফরমার রয়েছে। যার ৭০টির আয়ুষ্কাল ফুরিয়ে গেছে। ফলে ঘন ঘন বিকল হচ্ছে ট্রান্সফরমার। এ কারণে বিদ্যুত্ বিপর্যয়ের ঘটনাও আশঙ্কাজনকভাবে বাড়ছে। দেশ ডিজিটাল যুগে প্রবেশ করলেও সৈয়দপুরে বিতরণ ব্যবস্থা চলছে এনালগ গতিতে। বিদ্যুত্ সঞ্চালন লাইন পুনর্বাসন না করায় প্রতিবছর লাখ লাখ কিলোওয়াট বিদ্যুত্ সিস্টেম লস হচ্ছে। গেল অর্থবছরে সৈয়দপুরে বিদ্যুতের সিস্টেম লস ছিল ৯ লাখ ৫৪ হাজার কিলোওয়াট। চলতি অর্থবছরে তা বৃদ্ধি পেয়ে ৯ লাখ ৬৮ হাজার কিলোওয়াটে দাঁড়াবে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।