ফরিদার কণ্ঠে লালনের গানে জীবন জিজ্ঞাসা
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১২, ২১:৫০
ফকির লালন সাঁইয়ের গান যার কণ্ঠে পায় এক নতুন মাত্রা সেই ফরিদা পারভীনের একক সঙ্গীত আসর বসেছিল বুধবার। মিলনায়তন ভর্তি শ্রোতা গভীর মমতায় গাওয়া ফরিদা পারভীনের গান উপভোগ করেন মন্ত্রমুগ্ধের মত। লালনের গান তো শুধু গান নয় মানবজাতির জীবন-জিজ্ঞাসা মিশে রয়েছে সে সব গানের কথায়। সে সব জীবন-জিজ্ঞাসার কথা যেন ফরিদা পারভীনের সুরেলা উচ্চারণে বড় বেশি করে স্পর্শ করে শ্রোতার হূদয়। বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা সংসদ আয়োজন করে ফরিদা পারভীনের এই একক সঙ্গীত সন্ধ্যার। এতে প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলার প্রধান উপদেষ্টা সাইফুল বারী। ‘আধ্যাত্মিক সাধক ফকির লালন শাহের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন ফরিদা পারভীন। সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান এটিএম জসীমউদ্দিন। আলোচনা শেষে লালনের বেশ কিছু সঙ্গীত পরিবেশন করেন ফরিদা পারভীন।
এদিকে ‘গত বছর হুমায়ূন আহমেদকে নিয়ে নানাজনের লেখা নিয়ে ‘কিংবদন্তী’ শিরোনামে একটি গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছিল অন্যপ্রকাশ। হুমায়ূন আহমেদ রাজি হননি। বলেছিলেন, চিকিত্সা শেষে ফিরে আসার পর তা প্রকাশ করতে। কিন্তু তা আর হয়নি। হুমায়ূন চলে গেছেন। তার মৃত্যুর পর বন্ধু, শুভার্থীদের স্মৃতিচারণ নিয়ে প্রকাশিত হয় ‘হুমায়ূন আহমেদ স্মারকগ্রন্থ’। বুধবার বিকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বইটির সম্পাদক প্রফেসর ইমিরেটাস ড. আনিসুজ্জামান বললেন, স্মারকগ্রন্থটি হুমায়ূন আহমেদের প্রতি শুধু ব্যক্তিগত নয়, সমষ্টিগত শ্রদ্ধা নিবেদন। আশাকরি, এটির মাধ্যমে সবাই হুমায়ূনকে আরো ভালো ভাবে জানবে।
স্মারক গ্রন্থ ছাড়াও একই অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করা অন্য গ্রন্থ ‘নিউইয়র্কে হুমায়ূন আহমেদ চিকিত্সা ও অন্যান্য প্রসঙ্গ’। বইটি লিখেছেন নিউইয়র্কে হুমায়ূন আহমেদের চিকিত্সাকালীন অন্যতম সঙ্গী ড. পূরবী বসু।