ওয়ানডে সিরিজেও জিততে চায় ক্যারিবীয়রা

মাত্র পাঁচদিন আগে টেস্ট ম্যাচে বাংলাদেশ দলকে হারিয়ে অনেকটা ফুরফুরে মেজাজে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। দলের পারফর্মেন্স দেখে অধিনায়ক হিসেবে ড্যারেন স্যামিও সন্তুষ্ট। বাংলাদেশকে হাল্কাভাবে নিচ্ছে না তারা, তবে ওয়ানডে সিরিজটিও হাতছাড়া করতে চান না স্যামি। কাল প্রথম ওয়ানডে আগে সংবাদ সম্মেলনে তিনি জানালেন এই সিরিজে তাদের পরিকল্পনার কথা। শুধু তাই নয়, নিজ দলের লক্ষ্যের কথাও অকপটে বলেছেন, এই ক্যারিবীয়। স্যামি বললেন, ‘টেস্ট সিরিজের মতো ওয়ানডে সিরিজও জিততে চাই আমরা। আর কাল (শুক্রবার) আমরা সেই লক্ষ্যেই মাঠে নামব। ওয়ানডে সিরিজ জিততে হলে প্রথম তিনটি ম্যাচ জিততে হবে। তবে ক্যারিবীয়দের ভাবনায় এখন শুধু আজ শুক্রবার প্রথম ম্যাচ। স্যামি বলেন, ‘আমাদের এখন চিন্তা কালকের প্রথম ওয়ানডে নিয়ে। আমরা ম্যাচ বাই ম্যাচ নিয়ে পরিকল্পনা করতে চাই এবং সেইভাবে জয় অব্যাহত রাখতে চাই’। বাংলাদেশে আসার পর থেকে ক্যারিবীয় অধিনায়ক স্বাগতিকদের সমীহ করার কথা বলছেন। ব্যতিক্রম হয়নি ওয়ানডে সিরিজ শুরুর আগে। কাল আরেকবার স্যামি সবাইকে মনে করিয়ে দিলেন এই বিষয়টি। তিনি বলেন, ‘বাংলাদেশ ওয়ানডেতে ভালো দল, বাংলাদেশ দলেও বিশ্ব মানের কয়েকজন খেলোয়াড় রয়েছে। তাই এ দলকে খাটো করে দেখার সুযোগ নেই। আমরা বর্তমানে টি-টোয়েন্টির বিশ্ব সেরা দল এবং আমাদের দলটি একটি ব্যালান্সড দল। তাই আমরা বাংলাদেশে ভালো খেলে আইসিসি’র ওয়ানডে র্যাংকিংয়ে আরো উপরে যেতে চাই’। খুলনার উইকেট নিয়ে প্রথমদিকে দুই দলের দুশ্চিন্তা ছিল। তবে খুলনার টেস্ট শেষে সেই শংকাও কেটে গেছে। এই উইকেটে রান হবে এটি নিশ্চিত দুই দলই। উইকেট প্রসংগে স্যামি বলেন, ‘খুলনার উইকেটে আমাদের বোলাররা সহায়তা পেয়েছে, ব্যাটসম্যানরাও ভালো রান পেয়েছে। আশা করি আমার দলের খেলোয়াড়রা ওয়ানডে ম্যাচেও ভালো করবে। আমরা প্রতিটি ম্যাচে তিনশ’রও বেশি রান করতে চাই। টেস্ট সিরিজি শেষে অনেকে দেশে ফিরে গেছেন। তাদের বিকল্প হিসেবে ওয়ানডে খেলতে বাংলাদেশে এসেছেন। তরুণ কিছু ক্রিকেটার থাকলেও এদের দিয়েই ওয়ানডে সিরিজ ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন ক্যারিবীয় দলের অধিনায়ক। স্যামি বলেন, ‘আমাদের ওয়ানডে দলে যেমন কয়েকজন আক্রমণাত্মক ব্যাটসম্যান রয়েছেন, তেমনি পেস ও স্পিনে ভালো বোলারও রয়েছে। সুতরাং আমরা স্বাভাবিক খেলে দলকে জিতাতে চাই। বাংলাদেশ দলে যেসব নতুন মুখ খেলতে নামবে তাদের সতর্কতার সাথে শট সিলেকশন করতে হবে। কারণ আমরা বোলিংয়ে প্রতিটি বলকে সঠিক স্থানে ফেলতে চাই।