সিলভার জোড়া গোলে শোধ নিল আবাহনী

আবাহনীর জন্য ব্রাদার্সের বিরুদ্ধে ম্যাচটি ছিল জয়ের ধারা ধরে রাখার পাশাপাশি প্রতিশোধ নেয়ার। দলগত সে লক্ষ্য পূরণ হলেও হ্যাটট্রিকের আক্ষেপ থেকে গেছে ব্রাজিলীয়ান স্ট্রাইকার সিলভার। এই স্ট্রাইকারের দেয়া দুই গোলে আবাহনী গতকাল বৃহস্পতিবারের এ খেলায় ব্রাদার্সকে ২-০ গোলে হারায়। ব্রাজিলীয় সিলভা অবশ্য জানিয়ে গেলেন হ্যাটট্রিক না পেলেও কষ্ট হয়নি। আগামীতে হ্যাটট্রিক হবে, সুযোগ তো থাকছেই। এ জয়ে তিন খেলায় নয় পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে আসে আবাহনী। অপরদিকে টানা তিন ম্যাচই হারল ব্রাদার্স। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী ব্রাদার্সকে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবলের প্রতিশোধ নিয়েছে। দুই গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ফুটবল দর্শকরা আশা করেছিলেন আবাহনীর বিরুদ্ধে ব্রাদার্স একটা ভালো ম্যাচ উপহার দেবে। কিন্তু সেটা হয়নি তাদের ব্রাজিলীয় ফুটবলারদের ব্যর্থতায়। আক্রমণ ভাগে থাকা বিদেশি ফুটবলাররা ব্রাদার্সকে বঞ্চিত করেছে। ম্যাচের ১১ মিনিটে একটা দারুণ আক্রমণ থেকে গোলের সুযোগ পেলেও ব্রাদার্স সেটা কাজে লাগাতে পারেনি। আবাহনীর ডিফেন্ডার সুজনের হালকা ছোঁয়ায় মাটিতে পড়ে গিয়ে পেনাল্টি আদায় করেন এন্ডারসন। ব্রাজিলীয় ফরোয়ার্ড ফ্যাবিওর দুর্বল পেনাল্টি শট বাঁ দিকে পড়ে গিয়ে ঠেকিয়ে দেন আবাহনীর গোলকিপার শহিদুল আলম সোহেল। এমন সুযোগ কাজে লাগাতে না পারার ব্যর্থতা ঢাকতে পারেনি ব্রাদার্স। তারপরও ম্যাচ শেষে ব্রাদার্সের কোচ লাডিবাবা লোলা বললেন, ‘ওই পেনাল্টিটা বাদ দিলে খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট আমি।’ প্রথমার্ধে আবাহনীর খেলায় ছিল না সৌন্দর্য। দ্বিতীয়ার্ধে ফরমেশন বদলে দিয়ে গোল আদায় করে নিল আবাহনী। দ্বিতীয়ার্ধের শূরুতেই প্রথম দুই মিনিটে মিশুর লব থেকে সিলভা মাথা ছুঁয়ে গোল করেন ১-০। ৬১ মিনিটে দ্বিতীয় গোল পায় আবাহনী। এবারও সেই সিলভা। একা ব্রাদার্সের রক্ষণে ঢুকে গড়ানো শটে গোল করেন ২-০। বিরতির পর আবাহনীর খেলা সম্পর্কে দলটির ইরানী কোচ আরদেশীর পরণামাথ বলেন,‘ বল নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল বলে সেটা সম্ভব হয়েছে। যেটা প্রথমার্ধে ছিল না।’ এদিকে আবাহনী কোচ জানিয়েছেন আজ থেকে ১০ দিন খেলা বন্ধ থাকবে। সেই সুযোগে তিনি দল নিয়ে কিছু কাজ করবেন। কারণ দলে ডিফেন্সে অনেক সমস্যা রয়েছে। উল্লেখ্য আজ থেকে পেশাদার লিগের খেলা বন্ধ। ১০ ডিসেম্বর আবার খেলা শুরু হবে।