মাইকের গোলে শেখ জামালের জয়
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১২, ২২:০১
মুক্তিযোদ্ধা সংসদকে হারিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবও জয় তুলে নিয়েছে। গতকাল রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধাকে। ম্যাচের জয়সূচক গোলটি করেছেন নাইজেরিয়ান স্ট্রাইকার মাইক ওতোজারেরি।
শেখ জামাল টানা তিন ম্যাচ জিতে নয় পয়েন্ট পেয়ে গোল গড়ে আবাহনীর নিচে দ্বিতীয় স্থানে থাকল।
কাল মুক্তিযোদ্ধার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে জামালের। সেই লড়াইয়ে টিকে গেল শেখ জামাল। ম্যাচের ৭৯ মিনিটে উইংব্যাক থেকে উঠে এসে রায়হান হাসান লম্বা থ্রো করে বল ফেলেন মুক্তিযোদ্ধার গোল মুখে। সেখানে অপেক্ষায় ছিলেন শেখ জামালের নাইজেরিয়ান চিনেডু এবং স্বদেশী মাইক। চিনেডু লাফিয়ে উঠে বল না পেলেও পেছনে ওত পেতে থাকা মাইক লাফিয়ে বলের গায়ে মাথাটা ছুঁয়ে দিলে জালে চলে যায় ১-০। এই গোলটাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
আগের ম্যাচে মোহামেডানের বিরুদ্ধে শেখ জামালের একমাত্র গোলটি করেছিলেন রায়হান হাসান। গতকাল আবার সেই রায়হান হাসান গোলের উত্স গড়ে দিয়ে দলটাকে উদ্ধার করলেন। এই গোলটাই বাকি সময় ধরে রেখে আনন্দে মাঠ ছাড়ে শেখ জামাল। আর মুক্তিযোদ্ধা প্রথম হার নিয়ে বাড়ি ফিরল তিন খেলায় ছয় পয়েন্ট নিয়ে। মুক্তিযোদ্ধা প্রথম ম্যাচে আরামবাগকে ১-০ এবং দ্বিতীয় ম্যাচে ২-০ গোলে ব্রাদার্সকে হারিয়েছিল।