বিওএ নির্বাচন
সাহেদ রেজার প্যানেলের নিরঙ্কুশ জয়
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১২, ২২:০৩
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচনে মহাসচিব সৈয়দ সাহেদ রেজার নেতৃত্বাধীন প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। গতকাল বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিওএ সভাপতি পদে সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া, মহাসচিব হিসেবে বর্তমানে কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত সাহেদ রেজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একইভাবে কোন নির্বাচন ছাড়াই নতুন কমিটিতে ঠাই পান দুটি সহ-সভাপতি পদে অঞ্জন চৌধুরি পিন্টু ও রাফিয়া আক্তার ডলি, উম্মুক্ত কোটায় উপমহাসচিব পদে বাদল রায় এবং নয়জন সদস্য। এছাড়া গতকালকের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীর আবেদনপত্র বৈধ বিবেচিত না হওয়ায় ব্যালটে যাওয়া ছাড়াই কোষাধ্যক্ষ হন কাজি রাজিবউদ্দিন আহমদ চপল।
নির্বাচন হয় মূলত তিন সহ-সভাপতি পদে যাতে জয়ী হন অভিজ্ঞ সংগঠক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য হারুনর রশিদ, জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমদ মামুন ও সাইক্লিং ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান মানু। তারা যথাক্রমে ৭০, ৬১ ও ৫০ ভোট পান। চারজনের মধ্যে সীমাবদ্ধ এ পদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাবেক সচিব ও অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি এসএম আলী কবির পান কেবল ২০ ভোট।
উপমহাসচিবের দুই পদে জয়ী হন ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু (৬২) ও সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ খান বাবুল (৫৫)। হেরে যান বিদায়ী কমিটির উপমহাসচিব ও বাস্কেটবল ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক একে সরকার (২৯)। বাদল রায় এর আগে উম্মুক্ত কোটায় উপমহাসচিব হন প্রতিদ্বন্দ্বী সাবেক ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু নাম প্রত্যাহার করে নেয়ায়।
নির্বাহী কমিটির সদস্য পদে ১৬ জনের প্রতিদ্বন্দ্বিতা শেষে বিজয়ী ১৪ সংগঠক হলেন: তাবিউর রহমান, আব্দুল আউয়াল মজনু, আহমেদুর রহমান, খাজা রহমত উল্লাহ, মাহবুবুর রহমান শাহিন, জোবায়দুর রহমান রানা, মাহমুদুল ইসলাম রানা, ইন্তেখাব হামিদ অপু, মোহম্মাদ আলী দ্বীন, আমির হোসেন বাহার, ইব্রাহিম চেঙ্গিস, খন্দকার হাসান মুনির, গোলাম মাহবুব, এমএ কুদ্দুস খান।
এর আগে বিওএ’র ২৩টি সদস্য পদের মধ্যে নয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরা হলেন মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুন নাহার ডানা, নন অলিম্পিয়ান কোটায় (কাবাডি, ক্রিকেট এবং ফুটবল) বিসিবির সাবেক পরিচালক দেওয়ান শফিউল আরেফিন টুটুল। অপরদিকে অলিম্পিক আঞ্চলিক কোটায় সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষদ নির্ধারিত করে দিয়েছেন তিন সদস্য। পরিষদ মনোনীত এই সদস্যরা হলেন রংপুরের শাহ মাসুদ জাহাঙ্গির কবির মিলন, খুলনার মোর্ত্তজা রশিদি দারা ও ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একিউএম আকসির। অবশিষ্ট সদস্যরা হলেন বিমানবাহিনীর প্রতিনিধি উইং কমান্ডার রফিকুল ইসলাম, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক হাইয়ুল কাইয়ুম, রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার স্পেশাল অলিম্পিক থেকে আসাফ উদ দাওলা, ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি মাসুদ মিয়া।
এদিকে নিজের প্যানেলের নিরঙ্কুশ বিজয়ে সাহেদ রেজা বার্তা সংস্থা বাসসকে বলেন, ‘ভোটারদের এমন রায়ে আমরা অভিভূত। বিওএকে অভিষ্ঠ লক্ষ্যে নিয়ে যেতে আমার তরফে চেষ্টার কমতি থাকবে না। আমি ও আমার প্যানেলকে পরিপূর্ণ সমর্থন দেয়ার জন্য আমি বিদায় মহাসচিব কুতুবউদ্দিন আহমদকেও ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি।’