আবারো স্কলারি ম্যাজিকের আশায় ব্রাজিল
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১২, ২২:০৪
ব্রাজিলকে সর্বশেষ বিশ্বকাপ জেতানো লুইজ ফিলিপ স্কলারিই হলেন দেশটির জাতীয় ফুটবল দলের নতুন কোচ। এটি তার দ্বিতীয়বারের মতো ব্রাজিল দলে ফেরা। এ দফায় তিনি ব্রাজিলকে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জেতানোর দায়িত্ব নিলেন। ২০০২ সালে তার কঠোর পরিচালনায় শেষবারের মত বিশ্বকাপ জয়ের আনন্দে ভেসেছিল ব্রাজিল।
জাতীয় দলের কোচের পদ থেকে মেনো মেনেজেসকে বরখাস্তের পর ২০১৪ সালের বিশ্বকাপের আয়োজক ব্রাজিলের সবচাইতে আকর্ষণীয় এই পদটি খালি হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) রিও ডি জেনিরোতে তাদের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে নতুন কোচের নাম ঘোষণা করে। এর আগ পর্যন্ত ব্রাজিলের প্রধান প্রধান সংবাদ মাধ্যমগুলো স্কলারির নামটি নিশ্চিত বলেই প্রচার করে। ব্রাজিলের সাম্বাফুটডটকম জানায় ‘বিগ ফিল’ নামে পরিচিত কোচ স্কলারি বুধবার সিবিএফ প্রধান হোসে মারিয়া মারিনের সাথে দেখা করেন। শুধু তাই নয় চুক্তির খুঁটিনাটির ব্যাপারেও সম্মত হন স্কলারি। নিজেদের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের পরবর্তী মিশনে স্কলারি সাথে পাবেন ১৯৯৪ সালের বিশ্বকাপ জয়ী কোচ কার্লোস আলবার্তো পেরেইরাকে। তিনি দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। কাকতালীয়ভাবে এ পদে থাকা আন্দ্রেস সাঞ্চেসের পদত্যাগের কথাও জানানো হয় বুধবার। পেরেইরা এ ব্যাপারে বলেন, ‘এখন আমাদের অন্য সব কিছু ভুলে গিয়ে ২০১৪ সালের বিশ্বকাপের দিকে দৃষ্টি দিতে হবে। আমার আর ফিলিপের মধ্যে সম্পর্ক বেশ ভালো। তার মত একজন কোচের সাথে কাজ করতে পারা আমার জন্য সৌভাগ্যের। আশা করি, আমরা দু’জনে মিলে ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ জয়ে সাহায্য করতে পারবো।’
গত শুক্রবার কোচ মেনেজেসকে বরখাস্ত করে সিবিএফ। তখন দেশের ফুটবল কনফেডারেশনের সভাপতি হোসে মারিয়া মারিন জানিয়েছিলেন জানুয়ারি পর্যন্ত দলের কোচের নাম জানাবেন না তারা। শেষ পর্যন্ত এই অবস্থান থেকে সরে আসে ব্রাজিলিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা।
স্কলারি ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের পর পর্তুগাল জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেন। পর্তুগালকে ২০০৪ সালের ইউরোতে ফাইনালে এবং ২০০৬ সালের বিশ্বকাপে সেমিফাইনালে তুলতে সাহায্য করেন তিনি।
এরপর ২০০৮ সালের দায়িত্ব নেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসির। তবে, সেখানে ভালো করতে না পারায় লন্ডনে খুব বেশিদিন টিকতে পারেননি। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে ক্লাবটি তাকে বরখাস্ত করে। এরপর ২০১০ সাল থেকে ব্রাজিলের ঘরোয়া লিগের দল পালমেইরাসের দায়িত্ব পালন করছিলেন ৬৪ বছর বয়সী এই কোচ। যদিও গত মাসে পালমেইরাস তাকে বরখাস্ত করে। তারপরও সিবিএফ আশা করছে নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে স্কলারি দশ বছর আগের জাদুকরী নৈপুণ্য দেখাতে সক্ষম হবেন।
মজার ব্যাপার হলো জাপান ও দক্ষিণ কোরিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিশ্বকাপে শিরোপা তুলে নেয়ার এক বছর আগেই কেবল স্কলারিকে ব্রাজিল দলের দায়িত্ব দেয়া হয়েছিল। সে সময়ে ব্রাজিল বাছাই পর্ব উতরাতে দুর্দশার মধ্যে ছিল। সাম্বাফুট/জিনহুয়া