টিকিট বিক্রির অব্যবস্থাপনা নিয়ে তোলপাড় অব্যাহত

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ দলের ওয়ানডে টিকিট বিক্রির অব্যবস্থাপনা নিয়ে খুলনায় ক্রিকেটপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। টিকিট কেনার জন্য মঙ্গলবার সকাল থেকে বুধবার দুপুর পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে ক্রিকেট ভক্তরা হতাশ হয়ে পড়েছে। এদিকে রাজনৈতিক নেতাসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে টিকিট জালিয়াতির অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার ব্যাংক ও বিসিবি’র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো টিকিট বিক্রি করা না হলেও স্টেডিয়াম এলাকায় কালোবাজারিদের চড়া মূল্যে টিকিট বিক্রি করতে দেখা গেছে। ৫০ টাকার টিকিট ২শ’ টাকা থেকে শুরু করে ৫শ’ টাকা, ২শ’ টাকার টিকিট ৫শ’ থেকে ১ হাজার টাকা, ৩শ’ টাকার টিকিট ৬শ’ থেকে দেড় হাজার টাকা, ১ হাজার টাকার টিকিট ২ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কালোবাজারে টিকিট বিক্রির সাথে খোদ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য জড়িত থাকার অভিযোগ উঠেছে। গত বুধবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাদা পোশাকধারী কিছু সদস্য কাউন্টারের সামনে পুলিশের লাঠিচার্জের সময় কৌশলে দর্শকদের কাছ থেকে টিকিট হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে। স্টেডিয়াম এলাকায় কালোবাজারিদের কাছ থেকে টিকিট কিনেছে এমন একজন নগরীর আজমখান সরকারি কমার্স কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র মাহমুদ হোসেন বলেন, দু’শ টাকার টিকিট সাত’শ টাকা দিয়ে কিনেছি। দিন-রাত লাইনে দাঁড়িয়েও টিকিট পাইনি আমি। টিকিট নিয়ে যখন খুলনা জুড়ে তোলপাড়, ব্যাংক, কাউন্টার কোথাও যখন টিকিট নেই ঠিক সেই মুহূর্তে বিশেষ ব্যবস্থাপনায় নগরীর একটি বিলাস বহুল হোটেল থেকে টিকিট সরবরাহ করার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই সেই স্থান থেকে সটকে পড়ে টিকিট বণ্টনকারীরা।