পরিসংখ্যানে উইন্ডিজ
বাংলাদেশের প্রেরণা শেষ ম্যাচ
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১২, ২২:০৬
কেবল দলীয় শক্তি সামর্থেই নয়, পরিসংখ্যানের দিক দিয়েও বাংলাদেশের চাইতে অনেক এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। ব্যতিক্রম কেবল একটি ব্যাপারে, আর তা হলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ মুখোমুখিতায় জয় পেয়েছিল বাংলাদেশ দলই।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ১৯৯৯ সালের বিশ্বকাপে ডাবলিনে ওয়ানডেতে প্রথম মুখোমুখি হয়েছিল। এরপর গত ১২ বছরে দু’দল ২০টি সীমিত ওভারের ম্যাচ খেলেছে। এর মধ্যে ১৪টি ম্যাচে জয়ী হয় ক্যারিবীয়রা। আর ৪টিতে জয়ের স্বাদ পায় টাইগাররা।
অপর দুটি ম্যাচ হয় পরিত্যক্ত। ফলে পরিসংখ্যানের দিক থেকে বাংলাদেশের চাইতে অনেক এগিয়েই আছে ওয়েস্ট ইন্ডিজ।
পরিসংখ্যানের বিচারে পিছিয়ে থাকলেও বাংলাদেশের জন্য অনুপ্রেরণা হয়ে আছে সর্বশেষ মোকাবিলায় জয়ের সুখস্মৃতি। চট্টগ্রামে ২০১১ সালে সর্বশেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল দু’দল। সেই ম্যাচে জয় সঙ্গী হয়েছিল বাংলাদেশেরই। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ওয়েস্ট ইন্ডিজ জিতলেও, শেষ ম্যাচটি আট উইকেটে জিতে সান্ত্বনার জয় পায় স্বাগতিকরা। এখন দেখার পালা সর্বশেষ ম্যাচে পাওয়া যায় আজ খুলনায় কতটা তাতাতে পারে মুশফিকুর রহিমের দলটিকে। বাসস