অচিরেই ওসমানীনগরকে উপজেলায় রূপান্তরিত করা হবে:আশরাফ
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১২, ২২:১৩
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, অচিরেই ওসমানীনগর থানাকে উপজেলায় রূপান্তরিত করা হবে। এ দিন আর বেশি দূরে নয়। স্থানীয় সংসদ সদস্যসহ আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। কিছুদিনের মধ্যেই আপনারা সুসংবাদ পাবেন। ওসমানীনগর থানা আওয়ামী লীগ আয়োজিত মহাজোট সরকারের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে গত বুধবার থানার দয়ামীর বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি চেগার বিলের ওপর নির্মিত আরসিসি গার্ডার ব্রিজ এবং এম এ জি ওসমানী গ্রন্থাকার ও স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন।
ওসমানীনগর থানা আওয়ামী লীগের সভাপতি কবির উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদাল মিয়ার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা প্রশাসক আবু জহির সুফিয়ান, ওসমানীনগর-বালাগঞ্জ-বিশ্বনাথের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর প্রমুখ।