বুড়িচংয়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

কুমিল্লার বুড়িচংয়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় উপজেলার ভারেল্লা গ্রামে। স্থানীয় লোকজন জানান, ঐ গ্রামের হাজী বাড়ির আবদুর রবের বড় ছেলে আজাদ হোসেন (৩৫) কিছুদিন পূর্বে তার ছোট ভাই মাসুদ হোসেনকে (২৫) পারিবারিক বিষয় নিয়ে গালমন্দ ও মারধর করে। এতে মাসুদ ক্ষিপ্ত হয়ে সুযোগ বুঝে বুধবার সন্ধ্যায় ভারেল্লা বাজারে তার বড় ভাইকে পেছন থেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এতে আজাদ হোসেন ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির পুলিশ আজাদের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ইটালী প্রবাসীকে অপহরণের চেষ্টা, আটক ৪ কুমিল্লা মহানগরীর পদুয়ার বাজার বিশ্বরোড জামে মসজিদের সামনে থেকে বুধবার সন্ধ্যায় এক ইটালী প্রবাসীকে অপহরণের চেষ্টাকালে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ৪ জনকে আটক করেছে। থানার ওসি আইনুল হক জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে জেলার বরুড়া উপজেলার লগ্নসার গ্রামের মৃত আবদুর রহমানের ইটালী প্রবাসী পুত্র আবদুল ওয়াদুদ (৪০) পদুয়ার বাজার বিশ্বরোড জামে মসজিদের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় ঐ গ্রামের লোকমান হোসেন, নগরীর শাকতলা গ্রামের কামাল হোসেন, সিলেট জেলার সদর উপজেলার বাজতুলা গ্রামের নজরুল খান ও বিশ্বনাথ উপজেলার লহরী গ্রামের মজিবুর রহমান প্রবাসী আবদুল ওয়াদুদকে অপহরণের চেষ্টা করে। এ সময়ে ওয়াদুদ চিত্কার দিলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অপহরণকারীদের আটক করে থানায় নিয়ে যায়।