বীরগঞ্জে ‘শেয়ার স্কুল’পরিদর্শনে ইইউ প্রতিনিধি দল

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় তাদের অর্থায়নে পরিচালিত দুটি ‘শেয়ার স্কুল’ পরিদর্শন করেছে। গত বুধবার ইইউ’র ৩ সদস্যের প্রতিনিধি দল উপজেলার শিবরামপুর ইউনিয়নের গণপৈত গ্রাম ও পরে মরিচা ইউনিয়নের ডাবরা গ্রামে দুটি স্কুলে যায়। প্রতিনিধিরা হলেন, সেকেন্ড সেক্রেটারি হিউম্যান এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট- লিবুসে সুকুপোভা, শিক্ষা উপদেষ্টা লায়লা বাকী এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার নাদিয়া রশিদ। ইইউ’র শেয়ার শিক্ষা কর্মসূচির যোগাযোগ বিশেষজ্ঞ মোহাম্মদ গোলাম নবী জানান, দিনাজপুরের ১২টি উপজেলায় বেসরকারি সংস্থা কারিতাসের মাধ্যমে এ ধরনের ১০৮টি স্কুল চলছে। যার মোট শিক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ২শ’ ৫ জন। এর মধ্যে দুই হাজার ৪৯ জন আদিবাসী শিশু। ইইউ’র শিক্ষা উপদেষ্টা লায়লা বাকী জানান, আদিবাসী শিশুদের যারা সরকারি স্কুলগুলোতে যেতে পারে না কিংবা যায় না। তারা ‘শেয়ার স্কুল’ শিক্ষা কার্যক্রমে আসছে। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া, দুর্বল শিশু এবং যে শিশুরা কোনদিন স্কুলে যায়নি এরকম ৩০ লাখের বেশি শিশুকে নিয়ে শেয়ার স্কুল পরিচালিত হচ্ছে।