চাঁদপুরে স্বরাষ্ট্রমন্ত্রী

রাজপথ জনগণের এটা বন্ধ করাবে আইনি

বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার আগামী ৯ ডিসেম্বরের রাজপথ অবরোধ কর্মসূচির সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘বাংলাদেশের রাজপথ অবরোধ করবে—এ রাজপথটা কার? রাজপথ জনগণের। রাজপথ বন্ধ করা বে-আইনি। কোনো ব্যক্তি বা গোষ্ঠী রাষ্ট্রের আইন ভঙ্গ করতে পারে না।’ গতকাল চাঁদপুরের কচুয়া উপজেলার শংকরপুর মোল্লাবাড়িসংলগ্ন নবনির্মিত ব্রিজের উদ্বোধনের পর শংকরপুর আদর্শ দাখিল মাদ্রাসায় সমাবেশে যোগদান শেষে দুপুরে সাংবাদিকদের কাছে তিনি এ সব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া যদি জনগণের পথ বন্ধ করে জনগণের কল্যাণের কথা বলেন, তাহলে আমি বলব তিনি ভুল করছেন। আর তার ভুল সংশোধন করাতে আমরা সরকারের পক্ষ থেকে চেষ্টা করব।’ শংকরপুর আদর্শ দাখিল মাদ্রাসার সমাবেশে উপস্থিত ছিলেন—পুলিশ সুপার মো. আমির জাফর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মে. জিয়া আহমেদ সুমন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মো. আয়্যুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক জি এম আতিকুর রহমান প্রমুখ। স্বরাষ্ট্রমন্ত্রী বেলা ১টায় কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে ছাত্রলীগ আয়োজিত এক ছাত্র সমাবেশে যোগ দেন।