বিশ্ব ব্যাংকের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন সেতু বিভাগের সাবেক সচিব

পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক যাচাইতে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত বিশ্বব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় বিশ্বব্যাংকের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন সেতু বিভাগের সাবেক সচিব বিশ্বব্যাংকের সন্দেহভাজন ব্যক্তি মোশাররফ হোসেন ভুঁইয়া। তিনি বলেন, যে মেইলে তাদের বিরুদ্ধে বিশ্বব্যাংকে অভিযোগে পাঠানো হয়েছে একই মেইলে বিশ্বব্যাংকের কয়েক কর্মকর্তার বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছিল। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের ছুটিতে পাঠাতে বাধ্য করলেও নিজেদের লোকজনের বিরুদ্ধে এখনও ব্যবস্থা নেয়নি। গতকাল দুর্নীতি দমন কমিশনের টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় তিনি সাংবাদিকদের একথা বলেন। বিশ্বব্যাংক কোন্ আইনে মসিউর রহমানসহ অন্যদের ছুটিতে পাঠনোর অনুরোধ করেছিল তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পদ্মা সেতু পরামর্শক যাচাই প্রকল্পে দুর্নীতির ক্লু পেয়েছে বলে সংস্থাটির চেয়ারম্যান গোলাম রহমানের দেয়া বক্তব্য সম্পর্কে তিনি বলেন, তার জানার সীমাবদ্ধতা রয়েছে। এ অনুসন্ধানের বিষয়ে দুদকের চেয়ারম্যান প্রতিদিন গণমাধ্যমে বক্তব্য দেয়ার কারণে তদন্ত প্রভাবিত হচ্ছে। অনুসন্ধানাধীন বিষয়ে কোন ধরনের দুর্নীতির ষড়যন্ত্র করা হয়নি বলে পুনরায় দাবি করেন তিনি। পদ্মা সেতু পরামর্শক যাচাই মূল্যায়ন কমিটি বার বার বাতিল করার ব্যাখ্যা দিয়ে মোশাররফ বলেন, প্রথমবার মূল্যায়ন কমিটি ভাঙ্গা হয়েছিল বিশ্বব্যাংকের আপত্তির কারণে, পরবর্তীতে একবার ভাঙ্গা হয় যাকে প্রধান করে কমিটি করা তার নিজের আপত্তির কারণে। তৃতীয়বার ভাঙ্গার পিছনেও একই কারণ ছিল। সর্বশেষ অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে মূল্যায়ন কমিটিকে তার হাতে গড়া ভালো মূল্যায়ন কমিটি দাবি করেন তিনি। বিশ্বব্যাংকের শর্তানুযায়ী মোশাররফসহ প্রধানন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান ও পদ্মা সেতু প্রকল্পের পরিচালক রফিকুল ইসলাম ছুটিতে রয়েছেন। এছাড়া সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে মন্ত্রীত্ব ছাড়তে হয়েছে। দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে ২০১১ সালের সেপ্টেম্বরে পদ্মা সেতুতে অর্থায়ন বিষয়ক ঋণচুক্তি স্থগিত করে বিশ্বব্যাংক। ঋণ পাওয়ার জন্য চারটি শর্ত জুড়ে দেয় দাতা সংস্থাটি। আর সেই শর্ত চারটি পালন না করায় গত ২৯ জুন ঋণচুক্তি বাতিল করে পদ্মা সেতুতে অর্থায়নের অন্যতম দাতা সংস্থা বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের গঠিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত তিন সদস্যের একটি বিশেষজ্ঞ প্যানেল দুই দিন বাংলাদেশ সফর করেছেন। কাল শনিবার দ্বিতীয়বারের মতো ঢাকায় আসছে আন্তর্জাতিক এ প্যানেলটি। চারজনকে জিজ্ঞাসাবাদ পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক যাচাইতে দুর্নীতির অনুসন্ধানে গতকাল চারজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। তারা হলেন, সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া, সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (নদী শাসন) কাজী মো: ফেরদৌস, প্রকৗশলী কামারুজ্জামান ও মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী। সিনিয়র উপ-পরিচালক এএসএম আবদুল আল-জাহিদ, মীর মো. জয়নুল আবেদীন শিবলী, উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী ও মির্জা জাহিদুল আলম পৃথকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করছেন। এসএনসি-লাভালিনের বাংলাদেশ প্রতিনিধি ইপিসির এমডি জিয়াউল হককে ডাকা হলেও তিনি আসেননি বলে দুদক থেকে জানানো হয়।