পবিত্র রমজান উপলক্ষে সারাদেশে স্বল্পমূল্যে বিভিন্ন নিত্যপণ্য বিক্রি শুরু করেছে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পণ্য তালিকায় রয়েছে ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুর। এরমধ্যে খেজুর আগামী ২ মে থেকে বিক্রি করা হবে। বাকি পণ্যগুলো বিক্রি করা শুরু হয়েছে।
স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির বিষয়, এবার টিসিবি যে দরে এসব বিক্রি করছে তা বর্তমান বাজারদরের তুলনায় বেশ কম। এরমধ্যে প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, চিনি ৪৭ টাকা, ছোলা ৬০ টাকা ও বোতলজাত সয়াবিন তেল ৮৫ টাকা লিটার দরে বিক্রি করা হচ্ছে। তবে ক্রেতাদের কাছে এসব পণ্যের যে চাহিদা তার তুলনায় সরবরাহ কম বলে অভিযোগ রয়েছে।
টিসিবিসূত্র জানিয়েছে, গত বছর রমজানে দেড় হাজার টন ছোলা, ১০০ টন খেজুর, ১ হাজার ২শ টন মসুর ডাল, দেড় হাজার টন সয়াবিন তেল ও দুই হাজার টন চিনি বিক্রি করা হয়। তবে রমজানে তেল ও চিনির চাহিদা বেশি থাকায় এবার এ দুটি পণ্যের বিক্রির পরিমাণ বাড়ানো হবে।
গতকাল শনিবার রাজধানীর আগারগাঁও তালতলা ও মিরপুর-১ নং মাজার রোডে টিসিবির পণ্য বিক্রি ট্রাকের কাছে গিয়ে দেখা যায়, ক্রেতাদের দীর্ঘ লাইন। ক্রেতা মামুন জানান, বাজারের চেয়ে দাম কম হওয়ায় তিনি টিসিবির ট্রাক থেকে পণ্য কিনছেন। তবে ট্রাক থেকে একজন ক্রেতার চাহিদামতো পণ্য বিক্রি করে না বলে তিনি অভিযোগ করেন।
এ প্রসঙ্গে টিসিবি ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি জুয়েল আহমেদ গতকাল ইত্তেফাককে বলেন, এ বছর বাজারদরের তুলনায় বেশ কম দামে টিসিবির পণ্য বিক্রি করায় ক্রেতাদের কাছ থেকে ভালো রকমের সাড়া পাওয়া যাচ্ছে। অনেক জায়গাতেই দুপুরের মধ্যেই সব পণ্য বিক্রি হয়ে যাচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিদিন একটি ট্রাকে দেড় টনের মতো পণ্য বিক্রি করা হয়। যা চাহিদার তুলনায় কম। যদি পণ্যের সরবরাহ বেশি হতো তাহলে সামগ্রিকভাবে বাজারের ওপর একটা ইতিবাচক প্রভাব পড়ত।
টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির গতকাল ইত্তেফাককে বলেন, রমজান নিয়ে আমাদের প্রস্তুতি এবার গতবারের চেয়ে ভালো। বিশেষ করে এবার রমজানের বেশ আগে থেকে পণ্য বিক্রি শুরু করায় ক্রেতাদের জন্য ভালো হয়েছে। এতে অসাধু ব্যবসায়ীরা কারসাজি করে বাজারে দাম বাড়াতে পারবে না। উল্লেখ্য, এবার রমজানে সারাদেশে ১৮৭টি ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ঢাকায় ৩৫টি, চট্টগ্রামে ১০টি এবং অন্যান্য বিভাগীয় শহরে ৫টি ও জেলা সদরে ২টি করে ট্রাকে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। এছাড়া টিসিবির সারাদেশে ২ হাজার ৮৭৭ জন ডিলারের পাশাপাশি ১০টি নিজস্ব খুচরা বিক্রয় কেন্দ্র থেকে রমজানে পণ্য বিক্রি করা হচ্ছে।
রাজধানীতে সচিবালয় গেট, প্রেসক্লাব, কাপ্তান বাজার, ভিক্টোরিয়া পার্ক, সাইন্সল্যাব মোড়, নিউমার্কেট তথা নীলক্ষেত মোড়, শ্যামলী অথবা কল্যাণপুর, ঝিগাতলা মোড়, খামার বাড়ি, কলমীলতা বাজার, কচুক্ষেতের রজনীগন্ধা সুপার মার্কেটের সামনে, আগারগাঁও তালতলা ও নির্বাচন কমিশন অফিস, রাজলক্ষ্মী কমপ্লেক্স উত্তরা, মিরপুর-১ নং মাজার রোড, শান্তিনগর বাজার, মালিবাগ বাজার, বাসাবো বাজার, বনশ্রীর আইডিয়াল স্কুল, বাংলাদেশ ব্যাংক চত্বর, মহাখালী কাঁচাবাজার, শেওড়াপাড়া বাজার, দৈনিক বাংলা মোড়, শাহজাহানপুর বাজার, ফকিরাপুল বাজার ও আইডিয়াল জোন, মতিঝিল বক চত্বর, খিলগাঁও তালতলা বাজার, রামপুরা বাজার, মিরপুর-১০ গোলচত্বর, আশকোনা হাজী ক্যাম্প, মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার, দিলকুশা ও মাদারটেক নন্দীপাড়া কৃষি ব্যাংকের সামনে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি করা হচ্ছে।