শিশুর স্বাস্থ্য রক্ষায় প্রচারাভিযান
প্রকাশ : ৩০ নভেম্বর ২০১২, ২০:০৭
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-মোরেলগঞ্জ এডিপি আয়োজনে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা শিশুর স্বাস্থ্য রক্ষায় ৮ সহস্রাধিক জনগণের মধ্যে সপ্তাহব্যাপী ‘শিশুর স্বাস্থ্য এখনই’ প্রচারাভিযান সমাপ্ত হয়েছে। এ উপলক্ষে প্রচারাভিযানের শেষ দিন মঙ্গলবার বিকেলে মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে আলোচনা সভা ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় তুবা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভা ও গণস্বাক্ষর কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংস্থার হেলথ প্রজেক্ট ম্যানেজার অমর ডি কস্তা। উক্ত অনুষ্ঠানে ‘শিশুর স্বাস্থ্য এখনই’ শীর্ষক মূল প্রতিবেদন পাঠ করেন সংস্থার লাইভীহুড প্রজেক্ট ম্যানেজার দিনো দাস। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বাংলাদেশে ২০১১ সালের তথ্য অনুযায়ী ৫ বছরের নীচে শিশু মৃত্যুর হার ৫৩ জন (১,০০০ হাজারের মধ্যে)। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে অপুষ্টির হার সর্বোচ্চ। ৫ বছরের নীচে ৪১% শিশু বয়সের তুলনায় কম উচ্চতা এবং ৩৬% শিশু কম ওজন নিয়ে বেড়ে উঠছে, যা শিশু মৃত্যুর হার বৃদ্ধির জন্য দায়ী। যদিও বাংলাদেশ সরকার মা ও শিশু মৃত্যু হার লক্ষণীয় পর্যায়ে কমিয়ে নিয়ে এসেছে কিন্তু ২০১৫ সালের মধ্যে বাংলাদেশকে মা ও শিশু স্বাস্থ্য লক্ষ্যমাত্রা পূরণ করতে এখনই সকলকে একসাথে কাজ করতে হবে। এরই প্রেক্ষিতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সহস্রাব্দের লক্ষ্যমাত্রা অর্জন (এমডিজি) করতে মা ও শিশু স্বাস্থ্য রক্ষায় ‘শিশুর স্বাস্থ্য এখনই’ নামে প্রচারাভিযান পরিচালনা করেছে। এই প্রচারাভিযানের মূল লক্ষ্য ৫ বছরের নীচে শিশু মৃত্যু প্রতিরোধ করা। উক্ত অভিযানকে সফল আখ্যা দিয়ে শিশুর মৃত্যু হার কমিয়ে আনা ও তাদের স্বাস্থ্য রক্ষায় সংবাদ মাধ্যমের সম্ভাব্য ভূমিকা শীর্ষক আলোচনায় অংশ নেয় মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মইনুল ইসলাম সহ অন্য সাংবাদিকবৃন্দ। প্রচারাভিযানে মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এনজিও প্রতিনিধি, পুলিশ ও আনছার ভিডিপি’র সদস্য, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, সমাজ সেবক, ধর্মীয় নেতা, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীর ৮ সহস্রাধিক জনগণ গণস্বাক্ষর প্রদানের মাধ্যমে তাদের একাত্মতা প্রকাশ করেন। ৫ বছরের নীচে শিশুর স্বাস্থ্য রক্ষায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-মোরেলগঞ্জ এডিপি ‘গ্লোবাল এ্যাকশান অব উইক’ নামে ১৩ থেকে ২০ নভেম্বর পর্যন্ত এ প্রচারাভিযান চালায়।