শিল্পকলায় আগামীকাল
সেলিম আল দীনের ‘হরগজ’
প্রকাশ : ৩০ নভেম্বর ২০১২, ২০:৫৬
শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাট্যসংগঠন স্বপ্নদলের আলোচিত প্রযোজনা ‘হরগজ’-এর বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে আগামীকাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। নাট্যাচার্য সেলিম আল দীন রচিত ব্যতিক্রমী নাটক ‘হরগজ’-এর নির্দেশনা দিয়েছেন তারই ছাত্র জাহিদ রিপন।
১৯৮৯-এ মানিকগঞ্জ জেলার হরগজ নামক স্থলে সংঘটিত প্রলয়সদৃশ টর্নেডোর অভিজ্ঞতা নিয়ে ১৯৯২-এ সেলিম আল দীন ‘হরগজ’ নাটকটি রচনা করেন। টর্নেডো পরবর্তী সর্বপ্রথম উদ্ধারপর্বে একটি ত্রাণের দলের দেখা প্রকৃতি ও প্রাণীজগতের নানান স্তরে ছিঁড়েখুঁড়ে ফেলার অভূতপূর্ব চিহ্ন এ নাটকের উপজীব্য। এতে প্রায়-আণবিক বিস্ফোরণকল্প ঝড়ের অভিজ্ঞতায় তাদের ভ্রমণ শেষাবধি যেন হয়ে ওঠে আকৃতির জগত থেকে নিরাকৃত বিশ্বে অভিপ্রয়াণ।
আর পাশাপাশি হরগজ পরিণত হয় বিশ্বভাঙা মানবভুবনের রূপক-রূপে! ‘হরগজ’ প্রযোজনার গ্রন্থিকেরা হলেন— সোনালী, শরীফ, শ্যামল, সুকন্যা, ইমন, রেজাউল, সামাদ, শিশির, শাহীন, সাহান, মিতা, মণি, মোস্তাফিজ, নাবলু, মনির, শিলা, মাধূরী, রেজা, চঞ্চল, জাহিদ প্রমুখ। প্রযোজনাটির আলোক-পরিকল্পনা করেছেন ঠাণ্ডু রায়হান, মঞ্চ-পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ন ও আল-আমিন এবং প্রযোজনা-ব্যবস্থাপনায় শিশির সিকদার।