শ্রোতাদের কানে লুত্ফরের ‘ঘুড়ি ২’

‘তুমি আমার ঘুড়ি, আমার হাতে নাটাই, যেখানেই উড়ে বেড়াও, আমার আকাশ পুরোটাই’। সোমেশ্বর ওলির লেখা ও সজীব দাসের কম্পোজিশনে লুত্ফর হাসানের গাওয়া তার জনপ্রিয় গান ‘ঘুড়ি ২’-এর সিক্যুয়েল অবশেষে শ্রোতাদের কানে পৌঁছল এফ এম স্টেশনের কল্যাণে। গানটির সুর করেছেন যথারীতি শিল্পী নিজেই। গেল বছর ডেডলাইনের ব্যানারে ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ অ্যালবামটি দিয়ে লুত্ফর শ্রোতাদের ভালোবাসার আকাশ ছুঁয়েছিলেন। সেই আকাশের পরিধি আরও বাড়াতেই এবারের সিক্যুয়েল গানটিও সেইভাবেই তৈরি করেছেন। কথার গাঁথুনি, সুর ও সংগীত মিলিয়ে এই অ্যালবামটি নিয়ে তাই শিল্পী বেজায় আশাবাদী। এরই মধ্যে রেডিও আমারে শ্রোতা অনুরোধ তালিকায় অন্যরকম চাহিদা তৈরি করেছে। লুত্ফর হাসান তার এই ঘুুড়ির সিকুয়্যেল প্রসঙ্গে বলেন, ‘আমি প্রথমত খুবই চিন্তায় ছিলাম এই দ্বিতীয় অ্যালবাম নিয়ে। কারণটা হলো শ্রোতাদের প্রত্যাশা এত বেশি যে কীভাবে এটাকে সামাল দেব সেই টেনশন কাজ করেছিল। তবে এই অ্যালবামটি পুরোটাই একটা অনবদ্য গীতিকবিতার অ্যালবাম হবে। আমাকে যে ধারার গানে শ্রোতারা গ্রহণ করেছে, তা থেকে নিরাশ হবে না।’ খুব শিগগিরই লুত্ফর হাসানের এই দ্বিতীয় অ্যালবামটি বাজারে আসবে।