ময়মনসিংহে বিএমএ নির্বাচন

ছাত্রলীগ ও ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ১০

ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকাল নিক্ষেপ ও ভাংচুরের মধ্যদিয়ে শেষ হয়েছে বিএমএ’র কেন্দ্রীয় নির্বাচনের ভোট গ্রহণ। ব্যাপক কারচুপির অভিযোগ এনে আজিজ-জাহিদ পরিষদের নেতৃবৃন্দ বেলা ২টার দিকে নির্বাচন বয়কটের ঘোষণা দেন। ধাওয়া-পাল্টা ধাওয়া কমপক্ষে ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাবে আজিজ-জাহিদ পরিষদের প্রধান নির্বাচনী এজেন্ট ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী, ডাঃ সাইয়েদুর রহমান, ডাঃ অলিউল্লাহ, ডাঃ শাহিনসহ শতাধিক ডাক্তার ব্যালট ছিনতাই ও নৈরাজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন। নির্বাচনে আজিজ-জাহিদ পরিষদের ব্যানারে মাহমুদ-ইকবাল পরিষদের বিরুদ্ধে বিএনপি ও ছাত্রদল ব্যাপক কারচুপি, ব্যালট পেপার ছিনতাই ও মেশিনে গণনার অযোগ্য করার উদ্দেশ্যে ব্যালট পেপার মোচড়ানোর অভিযোগে নির্বাচন বয়কটের ঘোষণা দিলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে ছাত্রলীগ ছাত্রদলের নেতাকর্মীদের ক্যাম্পাস থেকে বের করে দেয় এবং আজিজ-জাহিদ পরিষদের প্যান্ডেল ব্যাপক ভাংচুর করে। এই ঘটনার রেশ ধরে ছাত্রদল পুনরায় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা চালালে সংঘষ বাধে। কিছুক্ষণের মধ্যে কলেজ গেটের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চরপাড়া এলাকা পরিণত হয় রণক্ষেত্রে।