নলছিটিতে শিক্ষক হত্যা মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন

নলছিটিতে স্কুল শিক্ষক রফিকুল ইসলাম হত্যা মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেকতে ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন ঝালকাঠী জেলা ও দায়রা জজ আদালত। গত বৃহস্পতিবার দুপুরে আসামিদের উপস্থিতিতে বিচারক শহিদুল্লাহ বকাউল এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলো—উপজেলার মালোয়ার গ্রামের আব্দুল জব্বার মল্লিক, ফারুক মল্লিক, আব্দুল কুদ্দুুস আব্দুর রব এবং পার্শ্ববতী ভরত্কাঠি গ্রামের আলমগীর হাওলাদার। জানা গেছে, ২০০৪ সালের ১৪ জুলাই নলছিটি উপজেলার মালোয়ার গ্রামের স্কুল শিক্ষক মো: রফিকুল ইসলামকে জমি সংক্রান্ত বিরোধের কারণে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজে নেয়ার পথে ১৭ জুলাই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত শিক্ষকের স্ত্রী এস.এ জাহান কমলা বাদি হয়ে নলছিটি থানায় ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।