ঢাকায় এশীয় চারুকলা প্রদর্শনী শুরু আজ
প্রকাশ : ৩০ নভেম্বর ২০১২, ২১:০১
ঢাকায় আজ শনিবার মাসব্যাপী ‘১৫তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী শুরু হচ্ছে। এবারের চিত্র প্রদর্শনীতে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩৩টি দেশ অংশগ্রহণ করছে। এসব দেশের মধ্যে উল্লেখযোগ্য আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভারত, চীন, জাপান, ইন্দোনেশিয়া, ইরান, জর্দান, কুয়েত, কাজাখস্তান, মালদ্বীপ, মঙ্গোলিয়া, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, তুরস্ক, ভুটান, সৌদি আরব, ফিলিপাইন প্রভৃতি রাষ্ট্র। মাসব্যাপী এ প্রদর্শনী চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী হল দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সভাকক্ষে এ অনুষ্ঠানের সাংগঠনিক কমিটির প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব সুরাইয়া বেগম, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, প্রধান তথ্য অফিসার আমিনুল ইসলাম, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক তছির আহাম্মদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমদ, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস, বিভিন্ন আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিগণ।