ব্যাংকিং সুবিধা প্রসারে নয়া নীতিমালা
প্রকাশ : ৩০ নভেম্বর ২০১২, ২১:০১
ব্যাংক ব্যবসার প্রসার, জনগণের কাছে ব্যাংকিং সুবিধা পৌঁছানো এবং অধিকতর আর্থিক সেবাভুক্তির লক্ষ্যে তফসিলি ব্যাংকের শাখা বা এটিএম বুথ স্থাপন-স্থানান্তর ও সান্ধ্যকালীন ব্যাংকিং-এ নীতিমালা প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে। সার্কুলারে নীতিমালার আলোকে ছয়টি নমুনা ছকের কপি পাঠানো হয়েছে।
নীতিমালায় ব্যাংকের শাখা-বুথ বা ব্যবসায় উন্নয়ন কেন্দ্র স্থাপনের সাজসজ্জায় আড়ম্বরপূর্ণ সরঞ্জাম ও আসবাবপত্র ক্রয়ে উচ্চব্যয় পরিহার করতে বলা হয়েছে। আধুনিক তথ্য-প্রযুক্তির সরঞ্জাম ছাড়া অন্যান্য ক্ষেত্রে বিলাসবহুল-চাকচিক্যের পরিবর্তে গুণগতমানকে প্রধান্য এবং স্থাপনার ব্যয় প্রস্তাবিত লোকবল ও শাখার আয়তন অনুসারে যৌক্তিকভাবে নির্ধারণ করার পরামর্শ দেয়া হয়েছে।
নীতিমালায় বলা হয়েছে, পরবর্তী বছরের জন্য ব্যাংকের নতুন শাখা খোলার জন্য বার্ষিক পরিকল্পনা পর্ষদের সিদ্ধান্তের কপিসহ নভেম্বর মাসে জমা দিতে হবে এবং কেন্দ্রীয় ব্যাংক সার্বিক বিষয়াদি পর্যালোচনা করে নির্ধারিত সংখ্যক শাখা খোলার অনুমতি প্রদান করবে। তবে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি পাওয়া শাখা ওই বছরের ডিসেম্বরের মধ্যে খুলতে ব্যর্থ হলে উক্ত অনুমতি বাতিল হয়ে যাবে।
নীতিমালায় আরও বলা হয়েছে, অনুমোদন পাওয়া মোট শাখার ন্যূনতম ৫০ শতাংশ পল্লী এলাকায় হবে, আর এক বছরে প্রতিটি শহরে একটির বেশি শাখা স্থাপন করা যাবে না। শহর শাখা হিসেবে মেট্রোপলিটন এলাকা বা সিটি করপোরেশন বা পৌরসভায় স্থাপিত শাখাকে বুঝাবে এবং এর বাইরে স্থাপিত শাখাকে পল্লী শাখা হিসেবে গণ্য হবে। তবে পল্লী শাখাগুলোর সর্বোচ্চ এক-চতুর্থাংশ শাখা (গ শ্রেণীভুক্ত) পৌরসভা এলাকায় এবং ‘এ’ শাখাগুলো পল্লী শাখা হিসেবে বিবেচিত হবে।
এসএমই বা কৃষি শাখা বিভাগীয় শহরের বাইরে স্থাপিত হবে এবং ব্যাংকিং সুবিধা বঞ্চিত এলাকাকে প্রাধান্য দেয়া হবে। তবে তা শহর এলাকায় হলে শহর শাখা এবং পল্লী এলাকায় হলে পল্লী শাখা হতে সমন্বয় করতে হবে। এসব শাখায় বৈদেশিক মুদ্রায় লেনদেন ব্যতীত অন্যান্য ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে। আর উক্ত শাখার মাধ্যমে আহরিত তহবিলের ৫০ শতাংশ একই শাখার এসএমই ও কৃষিখাতে বিনিয়োগ করতে হবে। আর এ শাখা স্থাপনে সৌর বিদ্যুত্ ব্যবস্থা নিশ্চিত করার শর্ত দেয়া হয়েছে।