পার্লামেন্টারি ডায়ালগে অংশ নিতে বিএনপি ও মহাজোটের প্রতিনিধিদল ভারতে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ এমপির নেতৃত্বে বিএনপির এবং সাবেক শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদের নেতৃত্বে মহাজোটের একটি সংসদীয় প্রতিনিধিদল পার্লামেন্ট ডায়ালগে অংশ নিতে বৃহস্পতিবার ভারতে গেছেন। ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে দিল্লিতে ভারত-বাংলাদেশ এই পার্লামেন্ট ডায়ালগ অনুষ্ঠিত হবে। বিএনপির প্রতিনিধিদলে স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক এবং মহাজোটের প্রতিনিধিদলে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ ১১ জন সংসদ সদস্য রয়েছেন। পার্লামেন্টের এই ডায়ালগে ভারত থেকে সর্বভারতীয় কংগ্রেস পার্টি, তৃণমূল কংগ্রেস ও বিজেপির সংসদ সদস্যগণ অংশ নেবেন।