শ্রীপুর কোয়ারীতে শ্রমিক বিক্ষোভ

সিলেটের জৈন্তাপুর উপজেলার বৃহত্তর শ্রীপুর পাথর কোয়ারীতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। পাথর উত্তোলনে নিষেধাজ্ঞার কারণে শত শত শ্রমিক বিক্ষোভে নেমেছেন। বৃহস্পতিবার তারা প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করেন। এসময় সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পাথর উত্তোলনের ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ১৫ নভেম্বর জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম আদালতের আদেশ বলে শ্রীপুর পাথর কোয়ারী থেকে পাথর উত্তোলনের উপর নিষেধাজ্ঞা জারী করেন। এর প্রতিবাদে শ্রমিকরা আন্দোলনে নামে। খেটে খাওয়া শ্রমিকরা প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেয়ার পরও নিষেধাজ্ঞা প্রত্যাহার না করায় বৃহস্পতিবার সড়ক অবরোধ করে রাখে। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে ইউএনও শ্রমিকদের স্বার্থ বিবেচনা করে সরকারি তত্ত্বাবধানে আগামী রবিবার থেকে পাথর উত্তোলনের ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন।