কমলগঞ্জ ইউপি চেয়ারম্যানের বাড়িতে
সন্ত্রাসী হামলা গাড়ি ভাংচুর
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ : ৩০ নভেম্বর ২০১২, ২১:২৯
কমলগঞ্জ উপজেলা সদরে বিএনপি নেতা ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা চালিয়ে চেয়ারম্যানের প্রাইভেট কারসহ দু’টি গাড়ি ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। হামলার পূর্বে সন্ত্রাসীরা চেয়ারম্যানের ভাতিজাকে মারধর করে মোটর সাইকেল ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়। গত বৃহস্পতিবার রাতে চেয়ারম্যানের বাড়িতে এ হামলা চালানো হয়। থানায় মামলা দিতে গেলে কমলগঞ্জ থানার ওসি মামলা নিতে রাজি হননি এবং কোন সহায়তা করেননি বলে চেয়ারম্যান অভিযোগ করেন। কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি’র একাংশের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শফি বলেন, শুক্রবার রাত ৯টায় ভানুগাছ বাজারে তার ভাতিজা আনিশা ফার্নিচারের মালিক নিয়াজুর রহমানের কাছে কয়েক সহযোগী নিয়ে এক হাজার টাকা চাঁদা দাবি করে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী ইব্রাহিম মিয়া। ব্যবসায়ী নিয়াজুর রহমান চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ইব্রাহীমের নেতৃত্বে সন্ত্রাসীরা তাকে মারধর করে তার ব্যবহূত ওয়াল্টন মোটর সাইকেল ছিনিয়ে নেয়। এ খবর পেয়ে ইউপি চেয়ারম্যান ঘটনার প্রতিবাদ করেন। থানায় অভিযোগ দায়েরের জের ধরে রাত সোয়া ১টায় সন্ত্রাসী ইব্রাহিমের নেতৃত্বে ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়ার পৌর এলাকার ভানুগাছ বাজারস্থ’ বাড়িতে হামলা চালিয়ে দু’টি গাড়ি ভাংচুর করা হয় বলে চেয়ারম্যান জানান। কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি সানোয়ার হোসেন বলেন, ইব্রাহীম ছাত্রলীগের কোন পদে নেই।