প্রতারণার শিকার হয়ে নেপাল থেকে ফিরে
এলেন বরগুনার আট নারী-পুরুষ
প্রকাশ : ৩০ নভেম্বর ২০১২, ২১:৩১
দালালের প্রতারণার ফাঁদে পড়ে নেপাল গিয়ে অমানবিক নির্যাতনের শিকার হয়ে বরগুনার এক নারীসহ ৮ ব্যক্তি দেশে ফিরে এসেছে। ফিরে আসা ব্যক্তিরা হচ্ছেন বরগুনার কেওড়াবুনিয়া গ্রামের সোহরাব হোসেন, তালতলীর জামাল হোসেন, লতাবাড়িয়া গ্রামের ইউসুব আলী, গাববাড়িয়ার সাইদুল ইসলাম, তালতলীর কাজীরখালের মামুন মিয়া, বামনার ডৌয়াতলার ফনি কর্মকার, তালতলীর মমিষেপাড়ার ছগির হোসেন মৃধা ও কেওড়াবুনিয়া গ্রামের এক অসহায় গৃহবধূ। তাদেরকে পঞ্চগড় জেলার বাংলাবন্ধ সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত হয়ে নেপাল নিয়ে যাওয়া হয়। প্রায় একমাস আগে এসব অসহায় মানুষকে নেপালের কোন স্থানে নিয়ে যাওয়া হয়েছিল তা তারা বলতে পারছে না। ফিরে আসা ঐসব লোকেরা জানান, ৮০ হাজার থেকে এক লাখ টাকার বিনিময়ে ভাল বেতনে কাজ দেবার প্রলোভন দেখিয়ে তাদের নেপাল নিয়ে যাওয়া হয়। কিন্তু নেপাল নিয়ে কাজ দেয়াতো দূরের কথা তাদের আটকিয়ে রেখে শারীরিক ও মানসিকভাবে এমন নির্যাতন চালানো হয়, যাতে পুনরায় তারা দেশে ফেরত যেতে বাধ্য হয়।