চুয়েটের ২য় সমাবর্তনে শিক্ষামন্ত্রী

উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার ছাড়া দেশে টেকসই উন্নয়ন সম্ভব নয়

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, আমাদের দেশ দুর্যোগপ্রবণ। বৈশ্বিক উষ্ণতার প্রভাবে জলবায়ু পরিবর্তন বাংলাদেশের ঝুঁকির মাত্রা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। তাই দুর্যোগ ব্যবস্থাপনায় উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার ছাড়া আমাদের টেকসই উন্নয়ন সম্ভব নয়। নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসাবে গড়ে তুলতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির প্রতিনিধি হিসাবে সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বিশিষ্ট প্রকৌশল শিক্ষাবিদ প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন চুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। এ সময় একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সম্মানিত সদস্যবৃন্দ, বিদেশি কূটনীতিক ও অতিথিবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ, ডিগ্রী অর্জনকারী গ্র্যাজুয়েট ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবর্তন অনুষ্ঠানে ১৭০৮ জনকে স্নাতক এবং ১০ জনকে স্নাতকোত্তর ডিগ্রী প্রদান করা হয়। যার মধ্যে ২১২ জন ছাত্রী রয়েছে। এছাড়া চারটি শিক্ষাবর্ষে সর্বোচ্চ গ্রেড অর্জনের জন্য ৪ জন শিক্ষার্থী স্বর্ণপদক পান। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত চুয়েটের এই সমাবর্তন অনুষ্ঠান উপলক্ষে বর্ণিল সাজে চুয়েটকে সজ্জিত করা হয়।