ফিফা-ব্যালন ডি’অর
নিজেকে সম্মানিত
ভাবছেন রোনালদো
প্রকাশ : ৩০ নভেম্বর ২০১২, ২১:৩২
লিওনেল মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তার সাথে ব্যালন ডি’অরের লড়াইকে নিজের জন্য সম্মানের মনে করছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।
বৃহস্পতিবার ব্যালন ডি’অরের জন্য খেলোয়াড় তালিকা ২৩ থেকে তিন এ নামিয়ে এনেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তালিকায় স্থান পেয়েছেন লা লিগায় খেলা তিন তারকা ফুটবলার লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা ও ক্রিশ্চিয়ানো রোনালদো। গত মৌসুমে ৩৮ ম্যাচে ৪৬ গোল করে ক্লাব দল রিয়াল মাদ্রিদের লা লিগার শিরোপা জয়ে ভূমিকা রাখা উইঙ্গার রোনালদো তিন জনের সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়ার পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দ্বিতীয়বারের মতো ব্যালন ডি’অর জয়ের স্বপ্নে বিভোর এই খেলোয়াড় রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইটে বলেন, ‘ফিফা ব্যালন ডি’অরের তিন জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেয়া আমার জন্য বিরাট সম্মানের। এর জন্য যে কোন খেলোয়াড়ই গর্ববোধ করবে।’
তিনি আরো বলেন, ‘এই পুরস্কার অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। মনোনীতদের মধ্যে স্থান করার জন্য অবশ্যই আমার পরিশ্রম কাজ করেছে। এছাড়া আমি আমার সতীর্থ ও দুই দল-রিয়াল মাদ্রিদ ও পর্তুগালকে ধন্যবাদ জানাতে চাই।’
আগামী সাত জানুয়ারি সুইজারল্যান্ডের জুরিখে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বিজয়ী নির্ধারণে ভোট দেবেন নির্বাচিত ক্রীড়া সাংবাদিক, ফিফার অন্তর্ভুক্ত জাতীয় দলের কোচ ও অধিনায়করা।
সেরা খেলোয়াড় ছাড়াও সেরা কোচ হওয়ার লড়াইয়ে আছেন স্পেনের হয়ে গত ২০১০ সালের বিশ্বকাপ ও টানা দুইবার ইউরো শিরোপা জয় করা ভিসেন্তে ডেল বক্স, রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো এবং বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলা। কোচদের সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নেয়া হোসে মরিনহোকে অভিনন্দন জানিয়ে রোনালদো বলেন, ‘আমি আমার কোচ হোসে মরিনহোকে সেরা কোচের লড়াইয়ে মনোনয়ন পাওয়ার জন্য অভিনন্দন জানাতে চাই। স্বপ্নের মত গত মৌসুমে রিয়াল মাদ্রিদের লিগ শিরোপা জয়ে তার ভূমিকাই মুখ্য। সুপারকাপেও ভালো করেছেন তিনি।’
ছেলেদের ফুটবলে সেরার নাম ঘোষণা ছাড়াও জানানো হবে মহিলা ফুটবলের সেরা তারকার নাম। সেই দৌড়ে পাঁচবারের সেরার পুরস্কার জয়ী ব্রাজিলিয়ান তারকা মাতার মোকাবেলা করবেন যুক্তরাষ্ট্রের দুই তারকা অ্যাবি ওয়েমবেচ ও অ্যালেক্স মরগান। সেরা গোলের জন্য লড়ছেন ব্রাজিলেন নেইমার, কলোম্বিয়ার রাদামেল ফ্যালকাও ও স্লোভাকিয়ার মিরোস্লাভ স্কচ।