খুলনা যেন এক আনন্দনগরী

পড়ন্ত বিকালে নগরীতে হাল্কা শীত অনুভূত হচ্ছিলো। সরকারি ছুটির দিনে এমনিতেই রাস্তাঘাট ফাঁকা। যানবাহন চলাচলও কম। অধিকাংশ মার্কেট ও দোকানপাট বন্ধ। হঠাত্ শহরের এ নিরবতা ভাঙালো একদল তরুণ। ঢোল, ভেপু বাঁশি, মোটরসাইকেলের হর্ণ আর বাংলাদেশ, বাংলাদেশ ধনিতে শহর যেন প্রাণ ফিরে পেল। মনে হল যেন এক উত্সব শুরু হয়ে গেছে। কি উত্সব? বাংলাদেশের জয়ের উত্সব। দলের জয় নিশ্চিত হওয়ার কিছুক্ষণ পর থেকে বিভিন্ন অলিগলি থেকে একের পর এক মিছিল বের হতে শুরু করলো। মুহূর্তের মধ্যে খুলনা নগরী পরিণত হলো আনন্দের নগরীতে। বাংলাদেশ দল ক্যারিবীয়দের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পাওয়ায় উত্সব শুরু হয় শেখ আবু নাসের স্টেডিয়াম থেকে। স্টেডিয়ামের হাজার হাজার জনতা মিছিল করতে করতে রাস্তায় বের হয়ে আসে। তারা বাংলাদেশ ধ্বনিতে প্রকম্পিত করে তোলে স্টেডিয়ামের সামনের খুলনা-যশোর সড়ক। এসময় বিভিন্ন বাসা-বাড়ির বারান্দা, ছাদ থেকে গৃহবধূরা হাত তালি দিয়ে মিছিলকারীদের উত্সাহ প্রদান করে। এছাড়া উত্সুক জনতা বাড়ি থেকে বেরিয়ে এসে আনন্দ মিছিলে যোগ দেন। যারা স্টেডিয়ামে যেতে পারেননি, তারা টিভিতে খেলা দেখে জয়ের আনন্দ প্রকাশ করতে স্বউদ্যোগে রাস্তায় নামেন। ৮/১০ জনের ছোট ছোট মিছিল মুহূর্তের মধ্যে গণমিছিলে রূপ নেয়। জয়ের আনন্দে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকেই মিষ্টি বিতরণ করেন। আবার রাতে বিভিন্ন বাসা-বাড়ির ছাদে ক্রিকেটপ্রেমীরা রান্নার ডেক চড়ান। একটি জয়ই পাল্টে দেয় গোটা নগরীর চিত্র।