স্টেডিয়ামে
স্থায়ী হল
রানার নাম
প্রকাশ : ৩০ নভেম্বর ২০১২, ২১:৩৪
খুলনা আবু নাসের স্টেডিয়ামের প্রসঙ্গ এলেই তার নাম মনে পড়ে। এই স্টেডিয়াম ছিল আক্ষরিক অর্থেই তার বাড়ির উঠোন। এখানেই বেড়ে উঠেছেন তিনি। এখান থেকেই আন্তর্জাতিক তারকা হয়েছিলেন মানজারুল ইসলাম রানা। বেঁচে থাকলে আজও হয়তো ‘তারকা’ হয়ে থাকতেন! কিন্তু এক দুর্ঘটনা কেড়ে নিয়েছে খুলনার এই নয়নের মণি, দেশের সাবেক টেস্ট ক্রিকেটার রানাকে।
চলে গেছেন, কিন্তু হারিয়ে জাননি রানা। আজও সবার মুখে মুখে, মনের গভীরে রানার নাম। সেই নামটাই অবশেষে তার বাড়ির গায়ে লাগানো আবু নাসের স্টেডিয়ামে পাকাপাকিভাবে বসানো হল। অবশেষে আবু নাসের স্টেডিয়ামের পশ্চিম পাশের আন্তর্জাতিক গ্যালারির নামকরণ করা হয়েছে ‘মাঞ্জারুল ইসলাম রানা গ্র্যান্ড স্ট্যান্ড’। গতকাল শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল ইসলাম পাপন এমপি ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ ম্যাচের মধ্য বিরতিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
বিসিবি প্রেসিডেন্ট বলেন, ‘মাঞ্জারুল ইসলাম রানা আমাদের দেশের ওয়ানডে ও টেস্ট ক্রিকেটের একজন কৃতী খেলোয়াড় ছিলেন। মৃত্যুর আগের দিনও তিনি সেঞ্চুরি করেছিলেন। যতদিন ক্রিকেট থাকবে, ততদিন আবু নাসের স্টেডিয়াম থাকবে। আর আবু নাসের স্টেডিয়াম যতদিন থাকবে ততদিন মাঞ্জারুল ইসলাম রানার নাম উজ্জ্বল হয়ে থাকবে। আমরা রানাকে ফিরিয়ে আনতে পারব না। আমরা শুধু পারি, তাকে নিয়মিত স্মরণ করতে। সে লক্ষ্যেই এই পদক্ষেপ নেয়া হল।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রানার মা জমিলা খাতুন। ছেলে হারানোর বেদনা বুকে চেপে তিনি বলেন, ‘রানা ছিল খুলনাসহ সারাদেশের গর্ব, অহংকার। খুলনার সব মানুষের দাবি ছিল মাঞ্জারুল ইসলাম রানার নামে শেখ আবু নাসের স্টেডিয়ামের একটি গ্যালারির নামকরণ করা।’
এসময় উপস্থিত ছিলেন, বিসিবি’র পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু, লোকমান হোসেন ভুঁইয়া, আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন, নাঈমুর রহমান দুর্জয় প্রমুখ। উল্লেখ্য, ২০০৭ সালের ১৬ মার্চ দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার বালিয়াখালি ব্রীজ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মাঞ্জারুল ইসলাম রানা ও তার বন্ধু খুলনা বিভাগীয় ক্রিকেট দলের অধিনায়ক সাজ্জাদুর রহমান সেতু।