সিরিজে ফিরে আসতে
উদগ্রীব পোলার্ড
প্রকাশ : ৩০ নভেম্বর ২০১২, ২১:৩৫
প্রথম ম্যাচের ধাক্কাতে ভেঙ্গে পড়ছেন না ক্যারিবীয়রা। দলের ব্যাটসম্যান কিরন পোলার্ড বলছেন, পরের চারটি ম্যাচ জিতে সিরিজ জিততে চান তারা, ‘প্রথম ম্যাচটি ভাল না করতে পারলেও আমার দল আগামী ম্যাচগুলো ভাল করবে বলে আমি আশাবাদী।’
কিরন পোলার্ড বলেন, ‘শুক্রবার দিনটি আমাদের জন্য ভাল যায়নি। আমাদের ব্যাটসম্যানরা যখন ব্যর্থ হয়েছে তেমন বোলাররাও কার্যকরী ভূমিকা পালন করতে পারেনি। পক্ষান্তরে বাংলাদেশ ভাল খেলে জয়লাভ করেছে। বিশেষ করে বাংলাদেশের স্পিনারদের বল আমাদের ব্যাটসম্যানরা ঠিকভাবে খেলতে পারেনি। তবে এক ম্যাচ পরাজয় দিয়ে সিরিজ বিচার করা যাবে না। এখনো চারটি ওয়ানডে বাকি। আগামীতে জয়লাভ করে ওয়েস্ট ইন্ডিজ আবার জয়ের ধারায় ফিরে আসবে।’ বাংলাদেশ দলকে সমীহ করে তিনি বলেন, ‘বাংলাদেশ ওয়ানডেতে একটি ভাল দল। এ দলকে হারাতে হলে আমাদের আরো উন্নতি করতে হবে।’
বাংলাদেশে সফরে আসার আগেই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় করে ড্যারেন স্যামির ওয়েস্ট ইন্ডিজ দল। তাই ফেবারিটের তকমা নিয়েই বাংলাদেশ সফরে আসে তারা। আগের রেকর্ড মানলেও তারাই গেইলরাই ফেবারিট। টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে নিজেদের শ্রেষ্ঠত্বই প্রমান করে তারা। প্রথম টেস্টে মুশফিকরা জয়ের সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত জিততে পারেনি। তবে, প্রথম ওয়ানডেতে সহজ জয় নিয়ে মাঠ ছাড়লো তারা। সিরিজে এখন বাংলাদেশ ১-০ তে এগিয়ে। বাকিটা এখন ভালো ভাবে পার হলেই হয়!