লোহাগড়ায় টেন্ডার নিয়ে আওয়ামী লীগের
দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২
প্রকাশ : ৩০ নভেম্বর ২০১২, ২১:৩৮
নড়াইলের লোহাগড়া পৌরসভায় টেন্ডার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দুইজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় লোহাগড়ার লক্ষ্মীপাশা এলাকায়। আহতরা হলো লোহাগড়া পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলু শেখ (৩৫) ও থানা আওয়ামী লীগের সদস্য আজাদ (৪৫)। আহত বুলুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসি সূত্রে জানা যায়, বুধবার লোহাগড়া পৌরসভার টেন্ডারের সিডিউল বিক্রয়ের শেষ দিন ছিল। দুপুরের দিকে এক পক্ষ সিডিউল ক্রয় করতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। সন্ধ্যার দিকে আজাদ লক্ষ্মীপাশা বাসস্ট্যান্ডে আসলে প্রতিপক্ষের সাবু ও মিরান তাকে কিল-ঘুষি মারে। এ ঘটনা জানাজানি হলে আজাদ গ্রুপের সোহাগ, পিয়ারের নেতৃত্বে আওয়ামী লীগ কর্মীরা বুলু শেখের উপর হামলা করে হকিস্টিক দিয়ে পিটিয়ে তার ডান হাত ভেঙ্গে দেয় এবং তার দোকান থেকে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।