বগুড়া ও মেহেরপুরে দুই আওয়ামী লীগ নেতা খুন

বগুড়া ও মেহেরপুরে পৃথক সন্ত্রাসী হামলায় দুই আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুজানুর রহমান সুজনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। অন্যদিকে রাত সাড়ে ১০টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান বেল্টুকে তার বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করা হয়। বগুড়া প্রতিনিধি জানান, বাড়ির অদূরে শহরের মালগ্রাম সড়কের খান্দার এলাকায় একদল দুর্বৃত্ত সুজনের ওপর হামলা চালায়। তাকে উপর্যুপরী কুপিয়ে রাস্তায় ফেলে রেখে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দু‘টি চাপাতি ও একটি ধারালো ছোরা উদ্ধার করেছে। রাতভর অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৬জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, সিরাজ মল্লিক, মানিক, রহমান শেখ, হোসেন আলী, রানা ও শান্ত ব্যাপারী। বগুড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী: এদিকে এ হত্যাকাণ্ডের খবর পেয়ে গতকাল শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন ও শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে বগুড়ায় আসেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দীন খান আলমগীর। তিনি নিহত সুজনের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি দুর্বৃত্তদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন। সকালে স্বরাষ্ট্রমন্ত্রী বগুড়া সার্কিট হাউজে সাংবাদিকদের বলেন, সুজনের এই অকাল মৃত্যুতে সরকার ও জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শোক প্রকাশ করছি। আমরা মনে করি যে কোন হত্যাকাণ্ডই নিন্দনীয়। খুনিদের শাস্তির আওতায় আনা রাষ্ট্রের কর্তব্য। আমরা এই কর্তব্য পালনে দৃঢ় সংকল্পবদ্ধ। পরে মন্ত্রী শহরের মালগ্রামে সুজানুর রহমান সুজনের বাসভবনে যান ও নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। মেহেরপুর প্রতিনিধি ও গাংনী সংবাদদাতা জানান, সাইদুজ্জামান বেল্টুকে তার নিজ বাড়ির বেডরুমে ঢুকে মুখের মধ্যে পিস্তল ঢুকিয়ে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার বিকালে নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত বেল্টু জেলা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বিক্ষোভ-অবরোধ এদিকে বেল্টু হত্যার বিচার এবং মেহেরপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বদলির দাবিতে গতকাল শুক্রবার গাংনীতে বিক্ষোভ ও মেহেরপুর-কুষ্টিয়া সড়কে অবরোধ কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দুপুরে স্থানীয় গাংনী বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে পৌর মেয়র আহমেদ আলী, উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন। গাংনীতে কাল সকাল-সন্ধ্যা হরতাল বেল্টুকে হত্যার প্রতিবাদে গতকাল শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলন করে গাংনী উপজেলা আওয়ামী লীগ। সাইদুজ্জামান খোকনের সভাপতিত্বে সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন। এসময় তিনি বেল্টু হত্যার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে, শুক্র ও শনিবার সড়ক অবরোধ, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ, শোক মিছিল এবং রবিবার সকাল-সন্ধ্যা হরতাল। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, বিএনপি সন্ত্রাসীদের লালনকারী মেহেরপুর পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকিকে আগামি রবিবারের মধ্যে অপসারণ বা প্রত্যাহার না করা হলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।