ফেনীর ছাত্রদল নেতা এলিন গুলিসহ ঢাকায় গ্রেফতার

রাজধানীতে পিস্তলের ৪ রাউন্ড গুলিসহ গ্রেফতার হয়েছেন ফেনী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালেহ মোহাম্মদ কাওসার ওরফে এলিন। গতকাল শুক্রবার সকালে কাকরাইল এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় রমনা থানায় মামলা হয়েছে। রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম জানান, সকাল ১১টার দিকে কাকরাইলে চেকপোস্ট বসিয়ে পুলিশ তল্লাশি করছিল। এ সময় এলিনের ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় পিস্তলের ৪ রাউন্ড গুলি। এ ব্যাপারে এলিন জানিয়েছেন, তাকে ফাঁসানোর জন্য ছাত্রদলের প্রতিপক্ষ গ্রুপ কৌশলে ব্যাগে গুলিচারটি রেখেছে। তিনি পল্টনে ১৮ দলীয় জোটের জনসভায় যোগ দিতে গত মঙ্গলবার ঢাকা আসেন। উঠেছিলেন তার বন্ধু সবুজের কাকরাইলের বাসায়। গতকাল সকালে সেখান থেকে বের হওয়ার পরই পুলিশ তাকে গ্রেফতার করে।