রুয়েটে অচলাবস্থা
কাটছে না
প্রকাশ : ৩০ নভেম্বর ২০১২, ২২:০১
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত আছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা কাটছে না। এ কারণে হাজার হাজার শিক্ষার্থী ভয়াবহ সেশনজটের কবলে পড়তে যাচ্ছে।
রুয়েট উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরী গতকাল শুক্রবার সকালে প্রধান ফটক দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে আন্দোলনকারীরা তাকে অবরুদ্ধ করে ফেলে। এক পর্যায়ে তিনি ফিরে যেতে বাধ্য হন। তিনি বলেন, আন্দোলনকারীরা আমাকে গালিগালাজ করে ফিরিয়ে দেয়। নানাভাবে ‘হুমকি দিয়ে’ পদত্যাগ করার জন্য চাপ দেয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। আন্দোলনকারীরা গত বৃহস্পতিবার উপাচার্যের বাসভবনের টেলিফোন, বিদ্যুত্ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে রাতে তা আবার চালু হয়।
এদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়েরুজ্জামান লিটন আন্দোলনকারীদের নিয়ে গত বৃহস্পতিবার বৈঠকে বসলেও কোনো সমাধান হয়নি। সিটি মেয়র বলেন, তারা অবস্থান বদলায়নি। ঐক্য পরিষদের আহবায়ক ড. এনএইচএম কামরুজ্জামান সরকার বলেন, ফলাফল কেলেঙ্কারিসহ বেশ কয়েকটি অনিয়মের সঙ্গে জড়িত এই উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
নানা অনিয়মের অভিযোগ এনে গত ১৩ নভেম্বর উপাচার্যের পদত্যাগের দাবিতে বঙ্গবন্ধু পরিষদের শিক্ষকরা আন্দোলন শুরু করেন। পরদিন ছাত্রলীগ আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে। পরবর্তী সময়ে আন্দোলনের জন্য ঐক্য পরিষদ গঠন করা হয়।