জাতীয় ঐক্য ছাড়া গণতন্ত্রকে বাঁচানো যাবে না : ইনু

তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশ এখনও নিরাপদ নয়, গণতন্ত্র এখনও চক্রান্তকারীদের ছোবল থেকে নিরাপদ হতে পারেনি। সংবিধানের শত্রুরা এখনও নানা চক্রান্ত করছে। তিনি বলেন, এই অপশক্তির হাত থেকে গণতন্ত্রকে বাঁচাতে জাতীয় ঐক্য দরকার। জাসদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার রাজধানী ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইনু বলেন, যুদ্ধাপরাধের বিচার নস্যাত্ করতে উগ্র-সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী তত্পর। যতদিন বাংলাদেশের মাটি থেকে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ-যুদ্ধাপরাধীদের বর্জনের প্রশ্নে ঐকমত্য না হবে ততদিন পর্যন্ত গণতন্ত্র নিরাপদ হবে না, জাতীয় উন্নয়নও হবে না। জাসদ নেতা বলেন, ২০২১ সালে স্বাধীন বাংলাদেশের বয়স যখন ৫০ বছর হবে তখন দুর্নীতি, দলবাজি ও দুঃশাসন থাকবে না। ৫০-এ বাংলাদেশকে হাসাতে হবে। স্বপ্নের এই পর্বতে আরোহণের সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেবে জাসদ। পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক ও জাসদের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক এ করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাসদ নেতা মাহবুবুর রহমান, প্রকৌশলী মনির উদ্দিন আহমেদ, শরীফ নূরুল আম্বিয়া, শিরিন আখতার, এডভোকেট রবিউল আলম ও শাহ জিকরুল আহমেদ এমপি প্রমুখ। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন কর্নেল তাহেরের ভাই ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন, কর্নেল তাহেরের মেয়ে জয়া তাহের, দৈনিক সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাইদ খান, শান্তি পরিষদের নেতা প্রকৌশলী আবুল কাশেম, সাংবাদিক হারুনুর রশীদ ও শ্রমিক নেতা মরহুম শাজাহানের স্ত্রী মাহফুজ আরা শাজাহান। কর্নেল তাহেরের স্ত্রী লুত্ফা তাহের ও এমএ জলিলের কন্যা সারা জলিলসহ এক সময়ের প্রখ্যাত জাসদ নেতাদের অনেকের পরিবারের সদস্যরা এতে উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্যে জয়া তাহের যখন তার লেখা ‘আমার বাবা কর্নেল তাহের’ প্রবন্ধ থেকে কিছু অংশ পাঠ করেন তখন এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। পুনর্মিলনী উপলক্ষে সারাদেশ থেকে জাসদের বহু পুরনো নেতা-কর্মী মিলিত হন আইইবি প্রাঙ্গণে। বহু বছর পর রাজনৈতিক সহকর্মী কিংবা এক সময়ের সহকর্মীদের স্ত্রী-সন্তানদের কাছে পেয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, জাসদের স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রা এখনও চলমান। নতুন প্রজন্ম উন্মুখ হয়ে আছে, কে তাদের স্বপ্ন দেখাবে। জাতি তাকিয়ে আছে ২০২১ সালের দিকে। এ সময়ের মধ্যে দেশকে বদলে দিতে হবে। জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া বলেন, যুদ্ধাপরাধীদের বিচারকাজ শেষ করতে ১৪ দলের অটুট ঐক্য রাখার পাশাপাশি এই ঐক্যকে আরও শক্তিশালী করতে হবে। জাসদের স্থায়ী কমিটির সদস্য ও বিশিষ্ট নারী নেত্রী শিরিন আখতার বলেন, যে শোষণমুক্ত সমাজতান্ত্রিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জাসদের জন্ম তা একদিন পূরণ হবেই।