ভারতের সাবেক প্রধানমন্ত্রী আই কে গুজরালের জীবনাবসান
প্রকাশ : ৩০ নভেম্বর ২০১২, ২২:০৮
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরাল গতকাল শুক্রবার পরলোকগমণ করেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। ভারত সরকারের পক্ষ থেকে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সুনীল কুমার শিন্দে লোকসভায় এক ঘোষণায় বলেন, আমি গভীর দুঃখের সঙ্গে আপনাদেরকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরালের মৃত্যু সংবাদ জানাচ্ছি। খবর এএফপির।
আই কে গুজরাল দীর্ঘদিন ধরে ফুঁসফুসের ইনফেকশনে ভুগছিলেন। গত ১৯ নভেম্বর তাকে গুরগাঁওয়ের মিদান্ত হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বিকাল ৩টা ৩১ মিনিটে তিনি পরলোকগমন করেন। গুজরাল ১৯১৯ সালের ৪ ডিসেম্বর পাকিস্তানের পাঞ্জাবের অন্তর্ভুক্ত ঝিলম নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৭ সালের এপ্রিল থেকে ১৯৯৮ সালের মার্চ পর্যন্ত ভারতে একটি জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। ভারত স্বাধীন হওয়ার পর গুজরাল কংগ্রেসে যোগ দেন। তিনি ১৯৬৯-১৯৭১ এবং ১৯৭২-১৯৭৫ সালে ইন্দিরা গান্ধী সরকারের তথ্য ও সমপ্রচার মন্ত্রী ছিলেন। ১৯৮০’র দশকে তিনি কংগ্রেস ত্যাগ করে সমাজবাদী জনতা দলে যোগ দেন। ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি দুইবার ভারতের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র নীতিতে তিনি ছিলেন শান্তিপূর্ণ দৃষ্টিভঙ্গির প্রবক্তা। এ সংক্রান্ত ‘গুজরাল ডক্ট্রিন’ এর জন্য তিনি সমধিক পরিচিত ছিলেন। তার নীতি ছিল, ভারতকে তার প্রতিবেশীদের সঙ্গে উদার আচরণ করতে হবে। প্রধানমন্ত্রী থাকাকালে তিনি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নিয়েছিলেন। তার অভিমত ছিল দু’ দেশেরই অতীতকে পেছনে ফেলে নতুন সম্পর্ক গড়ে তোলা উচিত। গুজরালের মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, বিরোধী দল বিজেপিসহ বিভিন্ন দলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর শোক : এদিকে বাসস জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাবেক প্রধানমন্ত্রী আইকে গুজরালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুজরালের অবদান স্মরণ করেন। তিনি বলেন, ‘গুজরাল ছিলেন বাংলাদেশের প্রকৃত বন্ধু এবং কিরি ঢাকা-দিল্লীর মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তি সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।’
বিরোধী নেত্রীর শোক : বিএনপি চেয়ারপার্সন ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মি:গুজরালকে দক্ষিণ এশিয়ার একজন রাষ্ট্রনায়ক বলে অভিহিত করে বলেন, তিনি এই অঞ্চলের রাজনীতি, অর্থনীতি ও সমাজ উন্নয়নে গভীর চিন্তা ও বিশ্লে¬ষণ করেছেন।
জেপির শোক : জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও মহাসচিব শেখ শহীদুল ইসলাম সাবেক ভারতীয় প্রধানমন্ত্রীর আইকে গুজরালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃদ্বয় তার পরিবারের প্রতি সমবেদনা জানান।