খুলনায় টিসিবির পণ্য বিক্রি না করলে ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা

খুলনা অফিস

খুলনায় সরকার নির্ধারিত পণ্য বিক্রি না করলে ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ইতোমধ্যে টিসিবির সকল ডিলারকে বিষয়টি অবগত করা হয়েছে। এছাড়া টিসিবির পণ্য বিক্রিকালীন মনিটরিংয়ের জন্য খুলনা আঞ্চলিক কার্যালয় থেকে ১৪ জেলার প্রশাসককে লিখিত আকারে জানানো হয়েছে। বর্তমানে খুলনার আঞ্চলিক কার্যালয় থেকে ৪৫৬ জন ডিলারের মধ্যে লাইসেন্স নবায়ন করেছেন ২৫০ জন ডিলার। গত ২৩ এপ্রিল থেকে সরকারের সিদ্ধান্তে চিনি, মসুরির ডাল, সয়াবিন তেল বিক্রি শুরু হয়েছে। এছাড়া শনিবার থেকে ছোলা এবং ২ মে থেকে খেজুর বিক্রি শুরু হবে।

টিসিবির খুলনার অফিস প্রধান মো. রবিউল মোর্শেদ বলেন, জেলা প্রশাসক খুলনা মহানগরীতে অন্তত ১০টি ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রির জন্য লিখিতভাবে জানিয়েছেন। বিষয়টি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, যে সকল ডিলার টিসিবির পণ্য উত্তোলন করে বিক্রি করবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া কারচুপি এড়াতে প্রত্যেক জেলা প্রশাসক টিসিবির পণ্য বিক্রি মনিটরিং করবেন। সরকারের পক্ষ থেকে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ডাল, ছোলা, তেল, চিনি ও খেজুর বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যাপ্ত পণ্য মজুত রয়েছে। ডিলাররা চাহিদামত পণ্য উত্তোলন করতে পারবেন।