গণপিটুনিতে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা শহরে চুরির অভিযোগে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম ফারুক হোসেন(২২)। শনিবার সকালে সদর হাসপাতালে তার মৃত্যু হয়। সে চুয়াডাঙ্গা শহরের থানা কাউন্সিলপাড়ার আবু বকর সিদ্দিকীর ছেলে। শহরের রেল বাজারের ব্যবসায়ীরা জানান, শুক্রবার রাত তিনটার দিকে পাঁচটি দোকানে টিন কেটে চুরির করতে আসে চোরের দল। এসময় নাইট গার্ডসহ এলাকাবাসী টের পেয়ে পুলিশে খবর দেয়। চোরের দল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ফারুক হোসেনকে ধরে এলাকাবাসী গণপিটুনি দেয়। একপর্যায়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ।

সদর ফাঁড়ির এস আই মুহিতুর রহমান জানান, গণপিটুনিতে নিহত ফারুকের স্বীকারোক্তিতে চুরির অভিযোগে আরো দুই চোরকে আটক করা হয়েছে।