গার্মেন্টসে অগ্নিকাণ্ডে নিরপেক্ষ তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের

আশুলিয়ার পোশাক কারখানা তাজরিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার মার্কিন শ্রমমন্ত্রী হিলদা সলিস এক বিবৃতিতে এ দাবি জানান। গত ২৫ নভেম্বর সন্ধ্যায় আশুলিয়ার ঐ পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সরকারি হিসাবে ১১১ জনের মৃত্যু হয়। এই গার্মেন্টস থেকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক বিখ্যাত খুরচা বিক্রেতা প্রতিষ্ঠান পোশাক আমদানি করে থাকে। বিবৃতিতে মার্কিন শ্রমমন্ত্রী বলেন, ১৯১১ সালে নিউ ইয়র্কের ট্রায়েঙ্গল শার্টওয়েস্ট কারখানায় অগ্নিকাণ্ডে ১৫০ জনের মৃত্যু হয়েছিল। বাংলাদেশের গার্মেন্টেসের দুর্ঘটনা এর সঙ্গে তুলনীয়। তিনি বলেন, এ ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে এড়ানো যায় সেজন্য যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয় বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াল মার্ট তাদের সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করেছে।