ইন্দুরকানী সেতু যান
চলাচলের উপযোগী
হবে ফেব্রুয়ারিতে
প্রকাশ : ৩০ নভেম্বর ২০১২, ২২:২৬
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পিরোজপুরের বলেশ্বর নদের ওপর নির্মাণাধীন ইন্দুরকানী সেতু আগামী ফেব্রুয়ারির মধ্যে যানবাহন চলাচলের উপযোগী হবে। ২৫ কোটি টাকা ব্যয়ে এ সেতু নির্মাণকাজ শেষ হওয়া মাত্র দেড় কোটি টাকার জন্য আটকে থাকবে না।’ গতকাল শুক্রবার জেলার জিয়ানগর উপজেলায় এ সেতুটির প্রায় সমাপ্ত নির্মাণকাজ পরিদর্শনকালে তিনি এ সব কথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, ‘আগামী জুনে টুঙ্গীপাড়ার পাটগাতি শেখ লুত্ফর রহমান সেতু প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এই সেতুর সাথে পিরোজপুর-নাজিরপুর-পাটগাতি রাস্তার উন্নয়নকাজ সম্পন্ন করে ইন্দুরকানী সেতুসহ এ অঞ্চলের রাস্তা-ঘাটের একটি সংযোগ সৃষ্টি হবে।’
যোগাযোগ মন্ত্রী ইন্দুরকানী সেতু পরিদর্শনকালে তার সাথে ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, পিরোজপুরের জেলা প্রশাসক অনলচন্দ্র দাস, অতিরিক্ত প্রধান প্রকৌশলী কবির হোসেনসহ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রকৌশলীরা।