স ৃজ ন শী ল ক র্না র

সৃজনশীল প্রশ্নোত্তর অনুশীলন

প্রিয় শিক্ষার্থীরা, রচিত সৃজনশীল লেসনে তোমাদের স্বাগতম। আজ আমরা গত বুধবার প্রকাশিত সৃজনশীল প্রশ্নটির নমুনা উত্তর আলোচনা করবো এবং সেই সাথে নবম দশম শ্রেণির পরীক্ষার্থীদের অনুশীলনের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের একটি সৃজনশীল প্রশ্ন প্রকাশ করবো। এই লেসনটি তোমরা একযোগে পাবে www.Srijonshil.com ওয়েবসাইট ও তোমাদের পছন্দের দৈনিক ইত্তেফাকের অনুশীলন পাতায়। আজকের সৃজনশীল প্রশ্ন ও উত্তর (পদার্থবিজ্ঞান) নিচের উদ্দীপকটি পড়ো ও প্রশ্নগুলোর উত্তর দাওঃ সোহেলকে তার মা পাশের রুমে একটি চেয়ার নিয়ে যেতে বললো। এর পর পরই সোহেল 4 N বল প্রয়োগে 24 s সময়ে চেয়ারটি নিয়ে গেলো। এতে সরণ হলো 3 m। তার মায়ের কাজ শেষে একই পরিমাণ বল প্রয়োগে সে চেয়ারটিকে আবার আগের জায়গায় নিয়ে আসলো। ক. কাজ করার সামর্থ্যকে আমরা কী বলি? খ. কোনো যন্ত্রের শক্তি বেশি হলে তার কি ক্ষমতা বেশি হবে? – ব্যাখ্যা করো। গ. চেয়ারটি মায়ের কাছে নিয়ে যাওয়ার সময় সোহেলের ক্ষমতা কত ছিল? ঘ. “দৈনন্দিন জীবনে কাজের যে অর্থ বুঝায় এবং কাজের বৈজ্ঞানিক অর্থ সবসময় এক নয়” - উক্তিটি উপরের উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। নমুনা উত্তর ক. কাজ করার সামর্থকে আমরা শক্তি বলি। খ. কোনো যন্ত্রের শক্তি বেশি হলে তার ক্ষমতা বেশিও হতে পারে, কমও হতে পারে। শক্তি বেশি হলে বেশি কাজ করা সম্ভব। কিন্তু ক্ষমতা বেশি হতে হলে শুধ বেশি কাজ করলে হয় না। কম সময়ে বেশি কাজ করলেই শুধু ক্ষমতা বেশি বলা যায়। তাই কোনো যন্ত্রের শক্তি থেকে এর ক্ষমতা বেশি হবে কিনা তা বলা সম্ভব নয়। গ. আমরা জানি ক্ষমতা= কাজের পরিমাণ/সময় আবার আমরা জানি, কাজ = বল x সরণ প্রদত্ত উদ্দীপক অনুসারে চেয়ারটি পাশের রুমে নিয়ে যেতে, সোহেল কর্তৃক প্রযুক্ত বল = 4 N এবং চেয়ারের সরণ = 3 m সুতরাং চেয়ারটি পাশের রুমে নিয়ে যেতে কৃত কাজের পরিমাণ = (4 N x 3 m) = 12 J তাহলে, মায়ের কাছে চেয়ারটি নিয়ে যাওয়ার সময় সোহেলের ক্ষমতা ছিল = 12 J/24 s = 0.5 W ঘ. দৈনন্দিন জীবনে কোনো কিছু করাকেই কাজ করা বুঝায়। আর বিজ্ঞানের ভাষায় কাজ বলতে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং এর ফলে বস্তুর সরণের গুণফলকে বুঝায়। অর্থাত্ বস্তুর উপর শুধু বল প্রয়োগ করলে হবে না। বিজ্ঞানের ভাষায় কাজ পেতে হলে বল প্রয়োগে বস্তুটির সরণও হতে হবে। প্রদত্ত উদ্দীপকে সোহেল যখন চেয়ারটি পাশের রুমে নিয়ে যায় তখন এটিকে দৈনন্দিন জীবনে আমরা একটি কাজ বলতে পারি। আবার বিজ্ঞানের ভাষায় বললে, এক্ষেত্রে 12 J কাজ হয়েছে। তাই চেয়ারটি পাশের রুমে নিয়ে যেতে বিজ্ঞানের ভাষায় ও দৈনন্দিন জীবনে উভয় ক্ষেত্রেই আমরা বলতে পারি কাজ হয়েছে। আবার, সোহেলের চেয়ারটি নিয়ে যাওয়া ও নিয়ে আসা এই দুটি ঘটনা আমরা যখন একসাথে হিসেবে আনব তখন বলা যায়, সোহেল কর্তৃক প্রযুক্ত বলে চেয়ারের কোনো লব্ধি সরণ হয়নি। চেয়ার আগে যে জায়গায় ছিল এখনও সে জায়গায় আছে। তাহলে, সরণের মান = 0 (শূন্য) এইক্ষেত্রে কাজের পরিমাণ হবে, = 4 N x 0 m = 0 J অর্থাত্, সোহেলের চেয়ারটি পাশের রুমে নিয়ে যাওয়া ও পরে আগের জায়গায় নিয়ে আসা - এই পুরো বিষয়টিতে বিজ্ঞানের ভাষায় কোনো কাজ হয়নি। কিন্তু দৈনন্দিন জীবনে এইক্ষেত্রেও আমরা বলতে পারি, সোহেল তার মায়ের জন্য কাজ করেছে। তাই এইক্ষেত্রে বিজ্ঞানের ভাষায় কোনো কাজ না হলেও, দৈনন্দিন জীবনে এটিকে আমরা কাজ বলছি। সুতরাং আমরা বলতে পারি, “দৈনন্দিন জীবনে কাজের যে অর্থ বুঝায় এবং কাজের বৈজ্ঞানিক অর্থ সবসময় এক নয়”। আজকের সৃজনশীল প্রশ্ন (পদার্থবিজ্ঞান) নিচের চিত্রটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও ক. আপতন কোণ কাকে বলে? খ. হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় না কেন? গ. প্রদত্ত মাধ্যম দু’টির সংকট কোণের মান নিরূপণ করো। ঘ. “B মাধ্যম থেকে A মাধ্যমে আসার সময় OX/ রশ্মিটি চিত্রে প্রদত্ত সম্ভাব্য তিনটি গতিপথের মধ্যে শুধু X/ R পথে প্রতিসরিত হবে” - উক্তিটি বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির সমাধান পাওয়া যাবে www.Srijonshil.com ওয়েবসাইট এবং মঙ্গলবারে দৈনিক ইত্তেফাকে। কিন্তু তোমার জানো, জাতীয়ভাবে নেয়া পরীক্ষাগুলোতে সৃজনশীল প্রশ্ন কখনো কমন পড়বে না। এই ক্ষেত্রে দরকার পর্যাপ্ত অনুশীলন। সুতরাং পরীক্ষায় ভালো করতে হলে এরকম সৃজনশীল প্রশ্নের সমাধান না দেখে নিজেই উত্তর দেয়ার চেষ্টা করো এবং আমাদের দেয়া উত্তরের প্রেক্ষিতে নিজের উত্তরটি যাচাই করো। তোমাদের মতামত এই লেসনের ওপর তোমাদের মতামত লিখে পাঠাও নিচের ঠিকানায় মোবাইল :01681035797