চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরে কৃষি জমিতে অনুমতিবিহীন পুকুর খনন অব্যাহত রয়েছে। একই সঙ্গে গুমানী নদীর বিভিন্ন পয়েন্টে মাটি কেটে ইটভাটায় সরবরাহ ও বিভিন্ন খাল ভরাট করা হচ্ছে।
এদিকে শনিবার কৃষি জমিতে পুকুর খনন করার সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পার্শ্বডাঙ্গা, ছাইকোলা, হান্ডিয়াল, মথুরাপুর, ফৈলজানা ও মুলগ্রাম ইউনিয়নের বিভিন্ন মাঠে চলছে কৃষি জমিতে পুকুর কাটা। অপরদিকে গুমানী নদীর ষষ্ঠীতলা এলাকায় দিনরাতে চলছে নদীর মাটি কাটা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার অসীম কুমার জানান, কৃষি জমিতে পুকুর খনন করা কোনোভাবেই মানা হবে না। খবর পাওয়ামাত্রই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসন এ বিষয়ে সজাগ।