পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
পাটগ্রাম উপজেলায় পৃথক দু’টি বাল্যবিয়েতে বর ও আয়োজনকারী তিনজনকে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম এ দণ্ডাদেশ দেন। শনিবার তাদের কারাগারে পাঠানো হয়।
শুক্রবার গভীর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৬৫ বাড়ি খেংটি এলাকার এক বাড়িতে সপ্তম শ্রেণির ছাত্রীকে বিয়ে করে নিয়ে যাওয়ার সময় জগতবেড় ইউনিয়নের শহিদুল ইসলামের ছেলে বর শাকিল ইসলামকে (২১) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে রাত ১টার পর উপজেলার বুড়িমারী ইউনিয়নে ইসলামপুর গ্রামের এক বাড়িতে সপ্তম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ের আয়োজনের সময় প্রতিবেশী দেবার উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, কনের বড় ভাই মিলন হোসেন ও কনের চাচা মোকলেছার রহমানকে ভ্রাম্যমাণ আদালত দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিয়ের দায়ে বরকে তিন মাস ও অপর একটি বাল্যবিয়ের আয়োজনের চেষ্টার সময় তিনজনের প্রত্যেককে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সুমন কুমার মহন্ত জানান, দণ্ডপ্রাপ্তদের শনিবার লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।