গল্প নয় সত্যি

৯০ দিনে ২২০ তলা!

বিষয়টা শুনতে কারও কারও কাছে অবিশ্বাস্য বলে মনে হতে পারে। আবার কেউ কেউ হয়তো একে উড়িয়ে দিতে পারেন নিছক গালগল্প বলেও। তবে গল্পের মতো শোনানো এমনই এক কাজ এবার সত্যিই করে দেখানোর ঘোষণা দিয়েছে চীনের একটি নির্মাণ সংস্থা। তাদের এই ঘোষণা অনুযায়ী এ মাসের প্রথমার্ধ শুরু করে আগামী বছরের মার্চের মধ্যে মাত্র ৯০ দিনেই নির্মাণ করা হবে ২২০ তলা উঁচু একটি ভবন। আর অবিশ্বাস্য দ্রুততার সাথে এই কাজ সম্পাদনের জন্য নিজেদের পরীক্ষিত পদ্ধতিতে মূল স্থাপনা দাঁড় করানোর আগেই ৯৫ ভাগ কাজ শেষ করে রাখবে সংস্থাটি। ব্রড সাসটেইনেবল বিল্ডিং কর্পোরেশন নামের এই সংস্থাটি জানিয়েছে সফলভাবে নির্মাণ সম্পন্ন করতে পারলে স্কাই সিটি নামের ২২০ তলা এ ভবনটিই হবে বিশ্বের সবচেয়ে উঁচু মনুষ্যনির্মিত স্থাপনা। আর ২,৭৪৯ ফিট উঁচু এই স্কাই সিটি টাওয়ারে থাকবে একটি স্কুল, একটি হাসপাতাল, ১৭টি হেলিপ্যাডসহ ৩০ হাজার মানুষের আবাসন ব্যবস্থা। উচ্চতার দিক থেকে এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার চেয়ে ৩৬ ফুট বেশি হলেও ভবনটির নির্মাণ কাজে বুর্জ খলিফার তুলনায় ২৪ ভাগের এক ভাগ সময় লাগবে বলে জানিয়েছে ব্রড। প্রিফ্যাব্রিকেশন পদ্ধতিতে এই ভবনটি তৈরির জন্য গেল মাসের শেষ দিকেই ভিত্তি প্রস্তুতি শুরু করার কথা ব্রডের। আর মূল ভবনের কাজ শেষ হবে আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে। উল্লে¬খ্য, এর আগে এ বছরই চীনে ঠিক একই পদ্ধতিতে একটি ১৫ তলা হোটেল মাত্র দুই দিনে তৈরি করে সবাইকে চমকে দিয়েছিল ব্রড সাসটেইনেবল বিল্ডিং কর্পোরেশন নামের এই প্রতিষ্ঠানটি।