জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু
লক্ষ্যমাত্রা সাত হাজার টন
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১২, ২১:০১
দেশের সর্ববৃহত্ মাড়াই ক্ষমতাসম্পন্ন জয়পুরহাট চিনিকলে ২০১২-১৩ আখ মাড়াই মৌসুমের আখ মাড়াই শুক্রবার মিলাদ মাহফিলের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের উত্পাদন ও প্রকৌশল পরিচালক আমিনুল হক, ইক্ষু সম্প্রসারণ ও বিপণন বিভাগের প্রধান (সিপিই) আজিজুর রহমান, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক শহিদ উল্লাহ, জেলা আখচাষি কল্যাণ সমিতির সভাপতি আবু তালেব চৌধুরী বাবু, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমুখ। জয়পুরহাট চিনিকল জোনে চলতি মাড়াই মৌসমে আখ চাষ হয়েছে ১১ হাজার ৫শ’ একর জমিতে। এ থেকে পাওয়া যাবে প্রায় ৯০ হাজার মেট্রিক টন আখ। আর এই পরিমাণ আখ মাড়াই করে ৬ হাজার ৭শ’ ৫০ মেট্রিক টন চিনি আহরণ সম্ভব। উল্লেখ্য, বর্তমানে জয়পুরহাট চিনিকলে নিয়মিত ও অনিয়মিত শ্রমিক-কর্মচারী রয়েছেন ১ হাজার ১শ’। প্রতিমাসে তাদের মাসিক বেতন-ভাতাদি ৮০ থেকে ৮৫ লাখ টাকা। মাড়াই চলাকালে বেতন-ভাতা বেড়ে ১ কোটি টাকা হয়। বর্তমানে কর্মকর্তা-কর্মচারীদের কোন পাওনা নেই। চিনিকল সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠালগ্ন থেকে চিনিকলটির পুঞ্জীভূত ঋণের পরিমাণ ১৬০ কোটি টাকা। তবে একই সময়ে চিনিকলটি সরকারকে ট্যাক্স ও ভ্যাট দিয়েছে ১৩৮ কোটি টাকা।