সৌভাগ্যের জন্মভূমি খুলনা!

বলা হয় বাংলাদেশের জন্য সবচেয়ে পয়মন্ত মাঠ হল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এই ভেন্যুতে ১৩টি ওয়ানডের মধ্যে ৭টিতে জয় সে দাবির পক্ষেই কথা বলে। কিন্তু এখন খুলনাবাসী অনায়াসে দাবি করতে পারে দেশের সবচেয়ে ‘লাকি গ্রাউন্ড’ আসলে তাদের আবু নাসের স্টেডিয়াম। কারণ এখন পর্যন্ত এই মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের রেকর্ড শতভাগ। আজ সেই রেকর্ডটা ধরে রেখে খুলনাকে এগিয়ে নেয়ার দায় ক্রিকেটারদের। চট্টগ্রাম ও খুলনা কোনো ভেন্যুতেই বাংলাদেশ টেস্ট জয় পায়নি। খুলনায় তিনটি ওয়ানডের সবগুলো জিতেছে বাংলাদেশ। সেই সঙ্গে স্বাগতিকরা জিতেছে এখানকার একমাত্র টি-টোয়েন্টি ম্যাচও। ২০০৬ সালের ২০ মার্চ বাংলাদেশ ও কেনিয়ার মধ্যকার ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে অভিষেক হয় বর্তমান খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের। খুলনার প্রথম আন্তর্জাতিক ঐ ম্যাচে কেনিয়াকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। এরপর একই বছর ২৮ নভেম্বর টি-টুয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৪৩ রানে জয় পায় স্বাগতিকরা। ওই বছরই ৩০ নভেম্বর আবারো জয়ের আনন্দে ভাসে বাংলাদেশ। ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারায় তারা। সেই ধারাটি অব্যাহত রাখার আরও একটা সুযোগ ঠিক ছয় বছর পর পেয়ে যায় বাংলাদেশ। ২০০৬ সালে ৩০ নভেম্বর এ মাঠে বাংলাদেশ খেলেছিলো সর্বশেষ ওয়ানডে। ঠিক ৬ বছর পর আরেক ৩০ নভেম্বর এসে ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে ভেন্যুর চতুর্থ জয় তুলে নেয় বাংলাদেশ। এখন এই ভেন্যুকে সবচেয়ে পয়মন্ত ভেন্যু বলায় কোনো আপত্তি থাকার কথা নয়। আজ মুশফিকুর রহিমের দল এই জয়ের ধারাটা ধরে রাখতে পারলে বাংলাদেশ দল হয়তো খুলনাতেই খেলার জন্য মুখিয়ে থাকবে!