টাঙ্গাইলে কলেজ ছাত্রসহ তিনজনের লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের পৃথক স্থান থেকে শনিবার কলেজ ছাত্রসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। টাঙ্গাইল মডেল থানার ওসি সায়েদুর রহমান বলেন, শহরের থানাপাড়া শান্তিকুঞ্জ মোড় এলাকায় ঘরের দরজা ভেঙে টাঙ্গাইলের সরকারি মাওলানা মোহাম্মদ আলী(এমএম আলী) কলেজের ছাত্র মাজহারুল ইসলাম মাসুদের(২৪) লাশ উদ্ধার করা হয়েছে। সে ময়মনসিংহের ত্রিশাল মধ্যপাড়ার তাজুল ইসলামের ছেলে। এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে নিহতের পরিবারের দাবি, মাসুদকে হত্যা করা হয়েছে।

একই দিন টাঙ্গাইল শহরের আদালতপাড়া এলাকায় পুকুরে গোসল করতে নেমে দীপক কুমার সরকার নামে একজনের মৃত্যু হয়েছে। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। অপরদিকে ওইদিন টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমুল্লী গ্রামের সাব্বিরের(২৬) গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করতে পারে বলে পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়।