জামায়াত একা নির্বাচন
করলে দু’তিনটির বেশি
আসন পাবে না
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১২, ২১:৫৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, কৌশলগত কারণে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির নির্বাচনী জোট হলেও দল দুটির মধ্যে রাজনৈতিক আদর্শগত মিল নেই। আমাদের (বিএনপির) সঙ্গে নির্বাচন করে জামায়াত ১৭/১৮টি আসন পায়। তবে জামায়াত এককভাবে নির্বাচন করলে দুই/তিনটির বেশি আসন পাবে না। পার্লামেন্টারি ডায়ালগে অংশ নিতে বর্তমানে ভারত সফররত মওদুদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে একথা বলেন। দিল্লিতে অনুষ্ঠিত এই ডায়ালগে বিএনপি নেতারা ছাড়াও অংশ নিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদ ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
সংসদীয় দলের প্রতিনিধি হিসেবে আওয়ামী লীগের সঙ্গে আপনার দলের সদস্যরা বিভিন্ন স্থানে যাচ্ছেন, তাহলে সংসদে যাচ্ছেন না কেন—এ প্রশ্নের জবাবে ব্যারিস্টার মওদুদ বলেন, আমরা সংসদে যাবার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছি। এ প্রসঙ্গে বিগত বিএনপি সরকারের আমলে আওয়ামী লীগের সংসদ বর্জনের কথাও তিনি উল্লেখ করেন। তিনি গণতন্ত্রের স্বার্থে সংসদ কার্যকর রাখার কথাও বলেন। সাবেক এই আইনমন্ত্রী বলেন, গত ৪০ বছরে সকল দলের মধ্যে আলোচনা হচ্ছে এটা খুবই ভালো। এটাকে চালিয়ে নেয়া উচিত। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক উন্নয়নে নতুন দিকের সূচনা করেছেন। খালেদা জিয়ার এই সফরকে স্বাগত জানিয়েছে বিএনপি। এ নিয়ে দলের মধ্যে কোনো বিতর্ক নেই। সফরের সময় অবিলম্বে তিস্তা চুক্তি স্বাক্ষর, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট বাস্তবায়ন ও সীমান্তে বাংলাদেশি হত্যা সম্পূর্ণভাবে বন্ধের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান খালেদা জিয়া।